৯ মাসে ২৬০ কোটি টাকা মুনাফা করেছে বার্জার
শেয়ারবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি বার্জার পেইন্টস ৯ মাসে ২ হাজার ১০১ কোটি টাকার ব্যবসা করেছে। গত বছরের এপ্রিল থেকে ডিসেম্বর—এই ৯ মাসে কোম্পানিটি এ ব্যবসা করেছে। তার আগে ২০২৪ সালের একই সময়ে কোম্পানিটি ব্যবসা করেছিল ২ হাজার ১৫ কোটি টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির ব্যবসা বেড়েছে ৮৬ কোটি টাকা বা সোয়া ৪ শতাংশের বেশি।
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি হিসেবে গতকাল বৃহস্পতিবার দেশের দুই স্টক এক্সচেঞ্জের মাধ্যমে আর্থিক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি। এর আগে গত বুধবার কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় এ আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়। বার্জার পেইন্টসের আর্থিক হিসাব করা হয় এপ্রিল থেকে মার্চ সময়কালে। সেই হিসাবে প্রকাশিত সর্বশেষ আর্থিক প্রতিবেদনটি কোম্পানিটির হিসাব বছরের প্রথম ৯ মাসের।
আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, কোম্পানিটি তাদের চলতি হিসাব বছরের প্রথম ৯ মাসে সব ধরনের খরচ ও কর বাদ দেওয়ার পর মুনাফা করেছে ২৬০ কোটি টাকা। তার আগের হিসাব বছরে, অর্থাৎ ২০২৪ সালের এপ্রিল থেকে ডিসেম্বর সময়কালে কোম্পানিটি মুনাফা করেছিল ২৪১ কোটি টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির মুনাফা ১৯ কোটি টাকা বা প্রায় ৮ শতাংশ বেড়েছে।
আর্থিক প্রতিবেদনের তথ্য বিশ্লেষণে দেখা যায়, ব্যবসার প্রবৃদ্ধির চেয়ে বহুজাতিক এই কোম্পানির মুনাফায় প্রবৃদ্ধি বেশি হয়েছে মূলত পরিচালন খরচের রাশ টানা, ঋণের সুদসহ আর্থিক খরচ কমে যাওয়ার কারণে। ২০২৪ সালের এপ্রিল–ডিসেম্বর সময়কালে কোম্পানিটির পরিচালন খরচ যেখানে ছিল ৩৩৭ কোটি টাকা, গত বছরের একই সময়ে তা কমে দাঁড়িয়েছে ৩৩২ কোটি টাকায়। অর্থাৎ আগের বছরের ৯ মাসের তুলনায় গত বছরের ৯ মাসে কোম্পানিটির পরিচালন খরচ কমেছে পাঁচ কোটি টাকা। একই সময়ের ব্যবধানে কোম্পাটির সুদসহ আর্থিক খরচ কমেছে প্রায় ১৮ কোটি টাকা। গত বছরের এপ্রিল–ডিসেম্বর সময়কালে কোম্পানিটির এ খাতে খরচ ছিল ১২ কোটি টাকা। তার আগের বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৩০ কোটি টাকা।
এদিকে মুনাফা বাড়লেও গতকাল দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানিটির শেয়ারের দাম ৫০ পয়সা কমে দাঁড়িয়েছে ১ হাজার ৪১১ টাকায়।