অ্যাপেক্স ফুটওয়্যারের ৫০ হাজার শেয়ার কিনবেন সৈয়দ মঞ্জুর এলাহী

শেয়ারবাজারগ্রাফিকস: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেডের উদ্যোক্তা পরিচালক সৈয়দ মঞ্জুর এলাহী বাজারমূল্যে কোম্পানির আরও ৫০ হাজার শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে আগামী ৩০ দিনের মধ্যে তিনি এই শেয়ার কিনতে চান। এর আগেও তিনি বাজার থেকে শেয়ার কিনেছেন।

১৯৯৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া অ্যাপেক্স ফুটওয়্যারের অনুমোদিত মূলধন ৫০ কোটি টাকা। কোম্পানিটির পরিশোধিত মূলধন ১৫ কোটি ৭২ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ারের সংখ্যা ১ কোটি ৫৭ লাখ ২২ হাজার ৪৩৭।

পরিশোধিত মূলধন বাড়াতে পরপর তিন বছর বোনাস লভ্যাংশ দিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি অ্যাপেক্স ফুটওয়্যার। কোম্পানিটি ২০২৪ সালের জুনে সমাপ্ত আর্থিক বছরের জন্য ৪৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ। ২০২২ সাল থেকে টানা তিন বছর বোনাস লভ্যাংশ ঘোষণা করে কোম্পানিটি।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ২০২১ সালে এক নির্দেশনা জারি করে। ওই নির্দেশনায় বলা হয়েছিল, শেয়ারবাজারের মূল বোর্ডে তালিকাভুক্ত কোনো কোম্পানির পরিশোধিত মূলধন ৩০ কোটি টাকার নিচে থাকতে পারবে না। তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে যাদের মূলধন ৩০ কোটি টাকার কম, তাদের মূলধন বৃদ্ধিতে সময়সীমাও বেঁধে দিয়েছিল বিএসইসি। ওই সময়সীমার মধ্যে অনেক কোম্পানি মূলধন বৃদ্ধির এই শর্ত পূরণ করেনি। তারা এ শর্ত পূরণে বিএসইসির কাছ থেকে সময় নেয়।

বিএসইসির এই শর্ত পরিপালনে অনেক কোম্পানি কয়েক বছর ধরে বোনাস, অধিকারমূলক বা রাইট শেয়ার ছেড়ে পরিশোধিত মূলধন বৃদ্ধি করছে। তারই ধারাবাহিকতায় অ্যাপেক্স ফুটওয়্যারও বোনাস লভ্যাংশ ঘোষণা করে যাচ্ছে।

গত এক বছরে অ্যাপেক্স ফুটওয়্যারের শেয়ারের সর্বোচ্চ দাম ছিল ২৬৯ টাকা এবং সর্বনিম্ন দাম ১৮৮ টাকা।