এক বছরে আইডিএলসির মুনাফা বেড়েছে ৪৪ কোটি টাকা

আইডিএলসি ফাইন্যান্স পিএলসি।

দেশের ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্সের মুনাফা এক বছরের ব্যবধানে ৪৪ কোটি টাকা বা প্রায় ২২ শতাংশ বেড়েছে। গত বছর শেষে প্রতিষ্ঠানটির সম্মিলিত মুনাফা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২৪৪ কোটি টাকা। ২০২৪ সালে প্রতিষ্ঠানটি ২০০ কোটি টাকা মুনাফা করেছিল। সেই হিসাবে এক বছরের ব্যবধানে মুনাফা প্রায় ৪৪ কোটি টাকা বা ২২ শতাংশ বেড়েছে।

গত সোমবার অনুষ্ঠিত দেশের শীর্ষস্থানীয় এই আর্থিক প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভায় গত বছরের আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করা হয়। চূড়ান্ত হওয়া সেই আর্থিক প্রতিবেদন থেকে প্রতিষ্ঠানটির মুনাফার এই চিত্র পাওয়া গেছে। আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করার পাশাপাশি প্রতিষ্ঠানটির গত সোমবারের সভায় গত বছর শেষে শেয়ারধারীদের জন্য লভ্যাংশও ঘোষণা করা হয়েছে। গত বছরের জন্য প্রতিষ্ঠানটি শেয়ারধারীদের মোট ২০ শতাংশ লভ্যাংশ দেবে। যার মধ্যে ১৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ। ২০২৪ সালেও প্রতিষ্ঠানটি শেয়ারধারীদের একই পরিমাণ লভ্যাংশ দিয়েছিল। সেই হিসাবে মুনাফা বাড়লেও লভ্যাংশ বাড়েনি প্রতিষ্ঠানটির।

এদিকে গত বছরের জন্য আইডিএলসি যে নগদ লভ্যাংশ (১৫ শতাংশ) ঘোষণা করেছে, তাতে এই বাবদ কোম্পানিটির খরচ হবে প্রায় সাড়ে ৬৫ কোটি টাকা, যার মধ্যে সিংহভাগ লভ্যাংশ পাবেন কোম্পানিটির শেয়ারের প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) গত ফেব্রুয়ারির তথ্য অনুযায়ী, কোম্পানিটির মোট শেয়ারের প্রায় ৫১ শতাংশই রয়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে। এই শেয়ারের মালিকানার বিপরীতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ঘোষিত লভ্যাংশ বাবদ পাবেন প্রায় সোয়া ৩৩ কোটি টাকা। এরপর দ্বিতীয় সর্বোচ্চ লভ্যাংশ পাবেন কোম্পানিটির উদ্যোক্তা–পরিচালকেরা। গত ফেব্রুয়ারি শেষে তাদের হাতে ছিল কোম্পানিটির প্রায় ৩৫ শতাংশ শেয়ার, যার বিপরীতে উদ্যোক্তা–পরিচালকেরা লভ্যাংশ বাবদ পাবেন প্রায় ২৩ কোটি টাকা। আর কোম্পানিটির শেয়ারে বিনিয়োগ করে ব্যক্তিশ্রেণির সাধারণ বিনিয়োগকারীরা পাবেন প্রায় ৯ কোটি টাকা। গত ফেব্রুয়ারি শেষে কোম্পানিটির শেয়ারের ১৩ দশমিক ৩০ শতাংশের মালিকানা ছিল সাধারণ বিনিয়োগকারীদের হাতে।

এদিকে ঘোষিত লভ্যাংশ বিতরণের জন্য আগামী ১৯ এপ্রিল রেকর্ড তারিখ নির্ধারণ করেছে আইডিএলসি ফাইন্যান্স। ওই দিন শেয়ারবাজারে কোম্পানিটির লেনদেন বন্ধ থাকবে। এদিন যাঁদের হাতে কোম্পানিটির শেয়ার থাকবে, তাঁরা ঘোষিত লভ্যাংশ পাবেন। এই লভ্যাংশ বিতরণ করা হবে আগামী ১৪ মে অনুষ্ঠিত কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা বা এজিএম শেষে।

দেশের ব্যাংকবহির্ভূত আর্থিক খাতের প্রতিষ্ঠানগুলোর মধ্যে বেশির ভাগই আমানতকারীদের আমানত ফেরত দিতে পারছে না। এমনকি বেশির ভাগ আর্থিক প্রতিষ্ঠান বছরের পর বছর শেয়ারধারীদেরও কোনো লভ্যাংশ দিচ্ছে না। হাতে গোনা যে কয়টি আর্থিক প্রতিষ্ঠান বেশ ভালো অবস্থানে রয়েছে, তার মধ্যে অন্যতম আইডিএলসি ফাইন্যান্স। ১৯৯২ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত এ শ্রেণিভুক্ত এই প্রতিষ্ঠান নিয়মিতভাবে শেয়ারধারীদের লভ্যাংশ দিয়ে আসছে। শেয়ারবাজারে তালিকাভুক্ত ২৩টি আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে আইডিএলসির শেয়ারই সর্বোচ্চ বাজারমূল্যে লেনদেন হচ্ছে। কোম্পানিটির শেয়ারের বাজারমূল্য ৪১ টাকা।