দেশে বিওয়াইডির বৈদ্যুতিক গাড়ি তৈরির অনুমোদন পেল রানার
বাংলাদেশে চীনা কোম্পানি বিওয়াইডির বৈদ্যুতিক গাড়ি তৈরির চূড়ান্ত অনুমোদন পেয়েছে এ দেশীয় প্রতিষ্ঠান রানার অটোমোবাইলস। সম্প্রতি রানার অটোর সঙ্গে বিওয়াইডির এ–সংক্রান্ত কারিগরি চুক্তি সম্পন্ন হয়েছে। শেয়ারবাজারে তালিকাভুক্ত রানার অটোমোবাইলসের পরিচালনা পর্ষদ এই চুক্তি অনুমোদনও করেছে। কোম্পানি–সংশ্লিষ্ট ও প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
চীনের বিওয়াইডির গাড়ি তৈরির শর্ত পালনের অংশ হিসেবে রানার অটোমোবাইলস তাদের মূলধনও বাড়াবে। এ জন্য অগ্রাধিকারমূলক বা প্রেফারেন্স শেয়ার ছেড়ে ২৫০ কোটি টাকা সংগ্রহ করবে কোম্পানিটি। প্রেফারেন্স শেয়ারের মাধ্যমে সংগ্রহ করা অর্থের ন্যূনতম ৫০ শতাংশ পরবর্তী সময়ে ইকুইটি বা মূলধন হিসেবে রূপান্তর করা হবে। একই সঙ্গে বিওয়াইডির গাড়ি উৎপাদনের জন্য কারখানা সম্প্রসারণে নতুন করে অর্থ বিনিয়োগ করবে রানার। কোম্পানি–সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এই প্রেফারেন্স শেয়ার বিক্রি করবে কোম্পানিটি।
গত বৃহস্পতিবার অনুষ্ঠিত রানার অটোমোবাইলসের পরিচালনা পর্ষদের সভায় এসব সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি হিসেবে আজ রোববার এসব মূল্য সংবেদনশীল তথ্য দেশের দুই স্টক এক্সচেঞ্জের মাধ্যমে শেয়ারধারীদের জানিয়েছে কোম্পানিটি। বৃহস্পতিবারের একই সভায় কোম্পানিটির মূলধন বাড়ানোরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রানার জানিয়েছে, তারা তাদের অনুমোদিত মূলধন ২০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৪০০ কোটি টাকায় উন্নীত করবে। আর এসব সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের পর।
জানতে চাইলে রানার অটোমোবাইলসের শীর্ষ এক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ‘গত মার্চে বিওয়াইডি কর্তৃপক্ষের সঙ্গে আমাদের সম্ভাব্যতা যাচাই–বিষয়ক চুক্তি হয়েছিল। সম্ভাব্যতা যাচাই শেষে কারিগরি চুক্তি সম্পন্ন করেছি। ফলে এখন বাংলাদেশে বিওয়াইডি গাড়ি তৈরির বিষয়টি চূড়ান্ত হয়েছে। এখন আমরা নতুন করে মেশিনারিজ স্থাপনসহ অন্যান্য কাজ সম্পন্ন করব। এ জন্য নতুন করে প্রয়োজনীয় অর্থ বিনিয়োগ করা হবে। এরপর আনুষ্ঠানিকভাবে এ দেশে প্রথমবারের মতো বিওয়াইডির বৈদ্যুতিক গাড়ি উৎপাদন শুরু করব। যত দিন উৎপাদন শুরু হবে না তত দিন বিওয়াইডির গাড়ি আমদানি করে এ দেশে বাজারজাত করবে রানার।’
এদিকে বিওয়াইডির গাড়ি তৈরির চূড়ান্ত অনুমোদনের খবরে আজ শেয়ারবাজারে রানার অটোমোবাইলসের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের বাড়তি আগ্রহ দেখা যাচ্ছে। এদিন লেনদেন শুরুর প্রথম দেড় ঘণ্টায় ঢাকার বাজারে রানারের শেয়ার লেনদেনের দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে। প্রথম দেড় ঘণ্টায় কোম্পানিটির প্রায় ১৫ কোটি টাকার সমমূল্যের শেয়ারেরর হাতবদল হয়েছে। এ সময় পর্যন্ত প্রতিটি শেয়ারের দাম আগের দিনের চেয়ে ৬০ পয়সা বা ১ শতাংশের বেশি বেড়ে দাঁড়িয়েছে ৫২ টাকা ৮০ পয়সায়।
প্রসঙ্গত, ২০২৪ সালে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে বৈদ্যুতিক গাড়ি (ইভি) বিক্রি শুরু করে চীনের সুপরিচিত গাড়ি নির্মাতা কোম্পানি বিওয়াইডি। তখন থেকে বিওয়াইডির পরিবেশক ছিল সিজি–রানার বাংলাদেশ লিমিটেড। এটি রানার গ্রুপের একটি প্রতিষ্ঠান। এখন তারা বাংলাদেশে বিওয়াইডির গাড়ি তৈরির অনুমোদনও পেয়েছে।