সরকারি চা-বাগানে বিনিয়োগ করছেন অর্থনীতিবিদ মামুন রশীদ

সরকারি মালিকানাধীন ন্যাশনাল টি কোম্পানিতে (এনটিসি) বিনিয়োগ করছেন অর্থনীতিবিদ ও সাবেক ব্যাংকার মামুন রশীদ। তিনি কোম্পানিটির আড়াই লাখ শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এনটিসির পক্ষ থেকে গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

এনটিসি সূত্রে জানা যায়, মামুন রশীদ বর্তমানে স্বতন্ত্র পরিচালক হিসেবে কোম্পানিটির চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন। সরকারি মালিকানাধীন ন্যাশনাল টি তাদের মূলধন বৃদ্ধির জন্য ২০২২ সালে রাইট শেয়ার বা অধিকারমূলক শেয়ার ছাড়ার উদ্যোগ নেয়। এই উদ্যোগ নেওয়া হয়েছিল মূলত পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) একটি নির্দেশনার কারণে। বিএসইসির ওই নির্দেশনায় তালিকাভুক্ত কোম্পানিগুলোর মূলধন ৩০ কোটি টাকায় উন্নীত করার বাধ্যবাধকতা আরোপ করা হয়। সেই বিধান পরিপালনে মূলধন বাড়াতে নতুন করে রাইট শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নেয় ন্যাশনাল টি।

জানা যায়, ২০২২ সাল থেকে কয়েক দফায় উদ্যোগ নিয়েও এই রাইট শেয়ার বিক্রি সম্পন্ন করতে পারছিল না কোম্পানিটি। এ কারণে চার দফা রাইট শেয়ারের আবেদনের সময় বাড়ানো হয়। সর্বশেষ ১৩ আগস্ট ছিল এই দফায় রাইট শেয়ারের আবেদনের শেষ সময়। কিন্তু চতুর্থ দফায় এসেও প্রয়োজনীয় আবেদন জমা না পড়ায় কয়েক লাখ শেয়ার অবিক্রীত থেকে যায়। নিয়ম অনুযায়ী, শেয়ার অবিক্রীত থাকলে মূলধন বৃদ্ধির পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করা যায় না। কয়েক দফা চেষ্টার পরও সাধারণ শেয়ারধারীদের দিক থেকে রাইট শেয়ার কেনার বিষয়ে পর্যাপ্ত আবেদন পাওয়া না যাওয়ায় এ দফায় কোম্পানিটির পরিচালকেরা এগিয়ে আসেন। তাঁরা নিজেরা অবিক্রীত শেয়ারের একটি বড় অংশ কিনে নেন। তারই অংশ হিসেবে কোম্পানিটির স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান মামুন রশীদ এনটিসির আড়াই লাখ শেয়ার কেনার সিদ্ধান্ত নেন।

এনটিসির তথ্য অনুযায়ী, কোম্পানিটির প্রতিটি রাইট শেয়ারের দাম ১১৯ টাকা ৫৩ পয়সা। সেই অনুযায়ী মামুন রশীদের ঘোষণা দেওয়া আড়াই লাখ শেয়ার কিনতে তাঁকে বিনিয়োগ করতে হবে প্রায় তিন কোটি টাকা। নিয়ম অনুযায়ী, কোম্পানির কোনো স্বতন্ত্র পরিচালক ওই কোম্পানির শেয়ার কিনতে চাইলে সেটির আগাম ঘোষণা দিতে হয়। পাশাপাশি কোনো স্বতন্ত্র পরিচালক সংশ্লিষ্ট কোম্পানির ১ শতাংশের বেশি শেয়ার কিনতে পারেন না। সেই নিয়ম মেনে স্বতন্ত্র পরিচালক হিসেবে ন্যাশনাল টির ১ শতাংশের কম শেয়ার নিজের নামে কিনছেন মামুন রশীদ। যদিও তা বাজার থেকে কিনছেন না। রাইট শেয়ারের অবিক্রীত অংশের একটি উল্লেখযোগ্য পরিমাণ তিনি কিনে নিচ্ছেন।

এ বিষয়ে জানতে চাইলে মামুন রশীদ প্রথম আলোকে বলেন, ‘২০২২ সালে কোম্পানিটি রাইট শেয়ার বিক্রির প্রক্রিয়া শুরু করেছিল। সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে প্রয়োজনীয় আবেদন না পাওয়ায় প্রক্রিয়াটি সম্পন্ন করা যাচ্ছিল না। আমরা চাইছিলাম মূলধন বৃদ্ধির প্রক্রিয়াটি শেষ করে আনতে। তাই পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসিসহ সংশ্লিষ্টদের মতামতের ভিত্তিতে আমিসহ আরও কয়েকজন পরিচালক এ দফায়ও অবিক্রীত শেয়ারের একটি বড় অংশ কিনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আইন অনুযায়ী একজন স্বতন্ত্র পরিচালক হিসেবে আমরা যতটুকু শেয়ার কেনার বৈধতা রয়েছে, তার চেয়েও কম শেয়ার কিনছি। আইন মেনে নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে কোম্পানির স্বার্থে অবিক্রীত শেয়ার কিনে আমরা মূলধন বৃদ্ধির প্রক্রিয়াটি নিষ্পন্ন করার উদ্যোগ নিয়েছি।’