বাংলাদেশে চীনের বিওয়াইডির বৈদ্যুতিক গাড়ি উৎপাদন করবে রানার

বৈদ্যুতিক গাড়িছবি: রয়টার্স

বাংলাদেশের বাজারে চীনের বিওয়াইডির বৈদ্যুতিক গাড়ি সরবরাহ ও উৎপাদন করবে রানার গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান রানার অটোমোবাইলস পিএলসি। এ জন্য বিওয়াইডি অটো ইন্ডাস্ট্রি কোম্পানির সঙ্গে একটি চুক্তি করেছে। এই খবর জানিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ঘোষণা দিয়েছে রানার অটোমোবাইলস পিএলসি।

গত শুক্রবার (২০ মার্চ) রানার অটোমোবাইলসের পরিচালনা পর্ষদের সভায় এ বিষয়টি অনুমোদন দেওয়া হয়। এতে কোম্পানিটির বর্তমান ব্যবসায়িক পরিস্থিতিও পর্যালোচনা করা হয়েছে। বিওয়াইডির সঙ্গে একটি ‘মাস্টার সাপ্লাই অ্যান্ড ম্যানুফ্যাকচার’ (প্রধান সরবরাহ ও উৎপাদন) চুক্তি স্বাক্ষরের বিষয়টি অনুমোদন দেওয়া হয়।

আজ মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এই ঘোষণা দিয়েছে রানার অটোমোবাইলস। এতে বলা হয়, এই অংশীদারত্ব বাংলাদেশে অটোমোবাইল–শিল্পের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে, যা স্থানীয়ভাবে উৎপাদন বৃদ্ধি ও প্রযুক্তি হস্তান্তরের নতুন সুযোগ সৃষ্টি করবে। অটোমোবাইল খাতে বিওয়াইডির বিশ্বব্যাপী সুনামের কথা উল্লেখ করে পরিচালনা পর্ষদ এই কৌশলগত অংশীদারত্বে সম্ভাবনা ও ইতিবাচক প্রভাবের ওপর গভীর আস্থা প্রকাশ করেছে।

এই ঘোষণার পর রানারের শেয়ারের দামে ইতিবাচক প্রভাব দেখা গেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের তথ্য অনুযায়ী, কোম্পানিটির শেয়ারদর ৯ দশমিক ৯৭ শতাংশ বেড়ে ৩৭ টাকা ৫০ পয়সায় পৌঁছেছে। সর্বশেষ দর ছিল ৩৪ টাকা ১০ পয়সা।

২০২৪ সালে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে বৈদ্যুতিক গাড়ি (ইভি) বিক্রি শুরু করে চীনের সুপরিচিত গাড়ি নির্মাতা কোম্পানি বিওয়াইডি। তখন থেকে বিওয়াইডির পরিবেশক ছিল সিজি–রানার বাংলাদেশ লিমিটেড। এটি রানার গ্রুপের একটি প্রতিষ্ঠান।