প্রয়াত মায়ের ১৮ কোটি টাকার শেয়ার পেলেন বিমান ও পর্যটনমন্ত্রী

আফরোজা খানমছবি: সংগৃহীত

উত্তরাধিকার সূত্রে মায়ের কাছ থেকে তিন কোম্পানির ১৮ কোটি টাকার সমমূল্যের শেয়ার পেয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। শেয়ারবাজারে তালিকাভুক্ত মুন্নু গ্রুপের তিন কোম্পানিতে থাকা মায়ের শেয়ার আফরোজা খানমের কাছে হস্তান্তরিত হয়েছে। আজ বৃহস্পতিবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটের মাধ্যমে কোম্পানি তিনটি এ তথ্য প্রকাশ করেছে।

বিমান ও পর্যটনমন্ত্রী আফরোজা খানমের মা এবং মুন্নু গ্রুপের প্রতিষ্ঠাতা ও সাবেক মন্ত্রী হারুনার রশিদ খান মুন্নুর সহধর্মিণী হুরন নাহার রশিদ গত ১ মার্চ মারা যান। হুরন নাহার রশিদের মৃত্যুর পর তাঁর হাতে থাকা মুন্নু অ্যাগ্রো, মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ ও মুন্নু ফেব্রিকসের শেয়ার উত্তরাধিকার সূত্রে আফরোজা খানমের কাছে হস্তান্তর করা হয়। ডিএসইতে কোম্পানি তিনটি আলাদাভাবে এ তথ্য প্রকাশ করেছে।

ডিএসইর ওয়েবসাইটের প্রকাশিত তথ্য অনুযায়ী, প্রয়াত হুরন নাহার রশিদের কাছ থেকে মুন্নু অ্যাগ্রোর ৮৪ হাজার ২৪৭টি, মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজের ১০ লাখ ৬৮ হাজার ৪০৯টি এবং মুন্নু ফেব্রিকসের ২৬ লাখ ৯১ হাজার ৬৮৮টি শেয়ার আফরোজা খানমের নামে হস্তান্তরিত হয়েছে। হুরন নাহার রশিদ ছিলেন মুন্নু গ্রুপের এ তিন কোম্পানির উদ্যোক্তা পরিচালক। তাঁর অবর্তমানে তিনি তাঁরই কন্যা ও বর্তমান বিএনপি সরকারের মন্ত্রী আফরোজা খানমকে উত্তরাধিকার মনোনীত করে যান। সেই হিসাবে তাঁর মৃত্যুর পর এসব শেয়ার উত্তরাধিকারের কাছে হস্তান্তর করা হয়।

শেয়ারবাজারে আজ বৃহস্পতিবার মুন্নু অ্যাগ্রোর প্রতিটি শেয়ারের বাজারমূল্য ছিল ৩৪৭ টাকা। সেই হিসাবে মায়ের কাছ থেকে আফরোজা খানমের পাওয়া কোম্পানিটির ৮৪ হাজার ২৪৭টি শেয়ারের বাজারমূল্য দাঁড়ায় প্রায় ৩ কোটি টাকা। একইভাবে আজ ঢাকার বাজারে মুন্নু সিরামিকের প্রতিটি শেয়ারের বাজারমূল্য ছিল ৮২ টাকা ৪০ পয়সা। সেই হিসাবে মায়ের কাছ থেকে আফরোজা খানমের পাওয়া কোম্পানিটির ১০ লাখ ৬৮ হাজার ৪০৯টি শেয়ারের বাজারমূল্য দাঁড়ায় প্রায় ৯ কোটি টাকা। এ ছাড়া ঢাকার বাজারে আজ মুন্নু ফেব্রিকসের প্রতিটি শেয়ারের বাজারমূল্য ছিল ২১ টাকা ৬০ পয়সা। সেই হিসাবে মায়ের কাছ থেকে আফরোজা খানমের পাওয়া ২৬ লাখ ৯১ হাজার ৬৮৮টি শেয়ারের বাজারমূল্য দাঁড়ায় প্রায় ছয় কোটি টাকা। সব মিলিয়ে মায়ের কাছ থেকে আফরোজা খানমের পাওয়া এই তিন কোম্পানির শেয়ারের বাজারমূল্য দাঁড়ায় প্রায় ১৮ কোটি টাকা। এই তিন কোম্পানির শেয়ারের দামই আজ কমেছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, ঢাকার বাজারে এদিন মুন্নু অ্যাগ্রোর প্রতিটি শেয়ারের দাম ২ শতাংশ বা ৭ টাকার বেশি কমে দাঁড়ায় ৩৪৭ টাকায়। মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজের প্রতিটি শেয়ারের দাম এদিন ৪০ পয়সা বা আধা শতাংশ কমে দাঁড়ায় প্রায় ৮২ টাকায়। এ ছাড়া মুন্নু ফেব্রিকসের প্রতিটি শেয়ারের দাম এদিন ৮০ পয়সা বা সাড়ে ৩ শতাংশের বেশি কমে দাঁড়ায় ২১ টাকা ৬০ পয়সায়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিএনপির নেতৃত্ব নতুন মন্ত্রিসভার সদস্য হিসেবে দায়িত্ব নেওয়ার আগপর্যন্ত আফরোজা খানম মুন্নু গ্রুপের পাশাপাশি শেয়ারবাজারে তালিকাভুক্ত গ্রুপটির তিন সহযোগী কোম্পানির চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন। মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরপরই তিনি নিজের পারিবারিক ব্যবসাপ্রতিষ্ঠানের চেয়ারম্যানের পদ ছেড়ে দেন। চেয়ারম্যানের দায়িত্ব আসেন তাঁর স্বামী মইনুল ইসলাম।