দীর্ঘদিন বন্ধ থাকলেও লেনদেনের শীর্ষে উঠে এল খান ব্রাদার্স
আজ ঢাকার শেয়ারবাজারে লেনদেনের শীর্ষে অবস্থান করছে খান ব্রাদার্স, যদিও প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে বন্ধ। উৎপাদনে না থাকলেও গত ছয় মাসে এই কোম্পানির শেয়ারের দাম তিনগুণ হয়েছে। নিজেরা উৎপাদন না করলেও তারা এখন অন্য কোম্পানির হয়ে ভাড়ায় খাটছে। তার পরও এই কোম্পানির শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বাড়ছে। বেশ কিছু দিন ধরেই এটি লেনদেনের শীর্ষ ২০ কোম্পানির তালিকায় ঘোরাফেরা করছে। দ্বিতীয় অবস্থানে আছে সোনালী পেপার।
খাতভিত্তিক কোম্পানিগুলোর মধ্যে খাদ্য খাতের কোম্পানির শেয়ারের দর বেড়েছে। সেই সঙ্গে কাগজ ও ছাপার উপকরণ প্রস্তুতকারক কোম্পানির শেয়ারের দর বেড়েছে। তবে এই খাতের মূল্যবৃদ্ধির পেছনে বড় ভূমিকা রেখেছে সোনালী পেপার। এটি লেনদেনের দ্বিতীয় স্থানে থাকায় অন্যান্য কোম্পানির শেয়ারের দরেও তার প্রভাব পড়েছে।
এ ছাড়া বিমা খাতের বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম দিনের প্রথম ৩০ মিনিটে বেড়েছে। অন্যান্য খাতের বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে।
সকাল ১০টা ৫০ মিনিট পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা খান ব্রাদার্সের শেয়ার লেনদেন হয়েছে ১১ কোটি ৭৫ লাখ টাকার। দ্বিতীয় স্থানে থাকা সোনালী পেপারের লেনদেন হয়েছে ৭ কোটি ৮৩ লাখ টাকার; তৃতীয় স্থানে থাকা ফুওয়াং ফুডের লেনদেন হয়েছে ৭ কোটি ২২ লাখ টাকার।
সকাল ১০টা ৫২ মিনিটে আজ ঢাকার বাজারের তিনটি সূচকই ঊর্ধ্বমুখী ছিল। বাজারের প্রধান সূচক ডিএসইএক্স সূচকের উত্থান হয়েছে ১৪ দশমিক ১২ পয়েন্ট; ডিএসইএস সূচকের উত্থান হয়েছে ৩ দশমিক ৫১ পয়েন্ট; ডিএস ৩০ সূচকের উত্থান হয়েছে ৫ দশমিক ৫৩ পয়েন্ট।