বিমা দাবি পরিশোধের চাপে ইউনাইটেড ইনস্যুরেন্সের মুনাফায় টান

শেয়ারবাজারগ্রাফিকস: প্রথম আলো

চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) বিমা খাতের কোম্পানি ইউনাইটেড ইনস্যুরেন্স লিমিটেডের মুনাফা কমেছে। গত বছরের একই সময়ের তুলনায় কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বা মুনাফা (ইপিএস) কমে প্রায় অর্ধেকে নেমেছে।

মূলত বিমা দাবি পরিশোধের ব্যয় বৃদ্ধি এবং বিনিয়োগ থেকে আয় কমে যাওয়ায় মুনাফায় এই নেতিবাচক প্রভাব পড়েছে বলে জানিয়েছে কোম্পানিটি।

আজ বুধবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটের মাধ্যমে কোম্পানিটি তাদের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে কোম্পানিটির আর্থিক অবস্থার এমন চিত্র দেখা গেছে।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের প্রথম তিন মাসে ইউনাইটেড ইনস্যুরেন্সের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৪ পয়সা। গত বছরের একই সময়ে যা ছিল ৪৫ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে কোম্পানিটির মুনাফা কমেছে প্রায় ৪৬ শতাংশ।

কেন এই পতন

কোম্পানিটি জানিয়েছে, মুনাফা কমার প্রধান কারণ দুটি। সেগুলো হচ্ছে, প্রথম প্রান্তিকে গ্রাহকদের বিমা দাবির বিপরীতে অনেক বেশি অর্থ পরিশোধ করতে হয়েছে। সেই সঙ্গে বিভিন্ন খাতে যে বিনিয়োগ হয়েছে, তা থেকে প্রাপ্ত মুনাফা আগের চেয়ে কমেছে।

মুনাফার পাশাপাশি কোম্পানিটির নগদ প্রবাহের অবস্থাও বেশ দুর্বল। চলতি বছরের প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) বা নগদ প্রবাহ ২ টাকা ৭৯ পয়সা ঋণাত্মক হয়েছে। গত বছর একই সময়ে এটি ১১ পয়সা ছিল। বিমা গ্রাহকদের পাওনা পরিশোধের চাপ বৃদ্ধি এবং প্রিমিয়াম সংগ্রহ কমে যাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানানো হয়েছে।

তবে মুনাফা ও নগদ প্রবাহ কমলেও কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) কিছুটা বেড়েছে। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে সম্পদমূল্য যেখানে ছিল ৩১ টাকা ৪ পয়সা, গত ৩১ মার্চ তা বেড়ে দাঁড়িয়েছে ৩২ টাকা ১১ পয়সায়।

পুঁজিবাজার বিশ্লেষকেরা জানান, বিমা খাতের কোম্পানিগুলোর মুনাফা মূলত বিমা দাবি ও বিনিয়োগ পরিস্থিতির ওপর নির্ভর করে। ইউনাইটেড ইনস্যুরেন্সের ক্ষেত্রে দাবি পরিশোধের চাপ বাড়ায় সাময়িকভাবে আয়ে টান পড়েছে।