বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)—এ দুই নিয়ন্ত্রক সংস্থায় যেকোনো বয়সী চেয়ারম্যান নিয়োগ দিতে চায় সরকার।
বয়সের সীমা তুলে দেওয়ার জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩ এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন, ২০১০ সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে সর্বোচ্চ ৬৫ বছর বয়স পর্যন্ত বিএসইসির চেয়ারম্যান পদে থাকা যায়। আর আইডিআরএর চেয়ারম্যান পদে থাকা যায় ৬৭ বছর বয়স পর্যন্ত।
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ দুই আইন সংশোধনের প্রস্তাব গতকাল বুধবার মন্ত্রিপরিষদ বিভাগে পাঠিয়েছে। এ প্রস্তাব আজ বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপিত হওয়ার কথা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে এ বৈঠক হবে বলে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সূত্রে জানা গেছে।
বিএসইসির বর্তমান চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ চার বছরের জন্য নিয়োগ পান ২০২৪ সালের ১৮ আগস্ট। সাবেক ব্যাংকার এই চেয়ারম্যান এখনো পদে আছেন। এদিকে ২০২৪ সালের ৯ সেপ্টেম্বর আইডিআরএর চেয়ারম্যান পদে তিন বছরের জন্য নিয়োগ পান সাবেক সচিব এম আসলাম আলম। সরকারের ইশারায় তিনি এ বছরের ২ মার্চ ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন। এ সংস্থায় এখনো চেয়ারম্যান পদে কাউকে নিয়োগ দেয়নি সরকার।
মন্ত্রিসভায় এই প্রস্তাব অনুমোদন হলে সংসদের চলতি অধিবেশনেই আইন সংশোধনের বিষয়টি পাস হতে পারে বলে আশা করছেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কর্মকর্তারা। এরপর বিএসইসির বর্তমান চেয়ারম্যানকে সরিয়ে দিয়ে নতুন চেয়ারম্যান এবং আইডিআরএতে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হতে পারে বলে একাধিক সূত্র জানিয়েছে।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে থাকার সর্বোচ্চ বয়স ছিল ৬৭ বছর। অন্তর্বর্তী সরকার ২০২৪ সালের ১৪ আগস্ট আহসান এইচ মনসুরকে নিয়োগ দিতে বয়সসীমা তুলে নেয়। ১০ এপ্রিল জাতীয় সংসদে গভর্নর পদে বয়সসীমা তুলে দেওয়ার বিল পাস হয়। ক্ষুদ্রঋণ খাতের নিয়ন্ত্রক সংস্থা মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির (এমআরএ) নির্বাহী ভাইস চেয়ারম্যান পদে নিয়োগ লাভেরও কোনো বয়সসীমা নেই।