নির্বাচনের প্রভাব শেয়ারবাজারে
লেনদেনের শীর্ষে ঢাকা ব্যাংক, দাম কমেছে ইসলামী ব্যাংক ও ইবনেসিনার
ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ফলাফলের প্রভাব পড়েছে দেশের শেয়ারবাজারে। নির্বাচন–পরবর্তী প্রথম কার্যদিবসে আজ রোববার নির্বাচন ও ঘোষিত ফলাফলের প্রভাবে শেয়ারবাজারে লেনদেনের প্রথম ঘণ্টায় সূচক ও লেনদেনের বড় উত্থান দেখা যাচ্ছে।
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আজ লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় ১২৬ পয়েন্ট বা প্রায় আড়াই শতাংশ বেড়েছে। তাতে ডিএসইএক্স সূচকটি আবারও সাড়ে ৫ হাজার পয়েন্টের মাইলফলক ছাড়িয়েছে। সেই সঙ্গে প্রথম ঘণ্টায় লেনদেন ছাড়িয়েছে ৪১৭ কোটি টাকা।
আজ বেলা ১১টায় এই প্রতিবেদন লেখার সময় ডিএসইএক্স সূচকটি বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৫২৭ পয়েন্টে। গত পাঁচ মাসের মধ্যে এটিই ডিএসইএক্স সূচকের সর্বোচ্চ অবস্থান। এর আগে সর্বশেষ গত বছরের ৯ সেপ্টেম্বর ডিএসইএক্স সূচকটি ৫ হাজার ৫৩৮ পয়েন্টের সর্বোচ্চ অবস্থানে ছিল। নির্বাচনের আগে সর্বশেষ কার্যদিবসে গত ১০ ফেব্রুয়ারি ঢাকার বাজারে লেনদেনের পরিমাণ ছিল ৭৯০ কোটি টাকা। সেখানে আজ প্রথম ঘণ্টাতেই লেনদেন ছাড়িয়েছে ৪০০ কোটি টাকা। লেনদেনের এই ধারা অব্যাহত থাকলে দিন শেষে লেনদেন দেড় হাজার কোটি টাকা ছাড়াতে পারে বলে আশা করছেন শেয়ারবাজার–সংশ্লিষ্টরা।
গত বৃহস্পতিবার অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২০৯ আসন পেয়ে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিএনপি। আর জামায়াতে ইসলামী পেয়েছে এককভাবে ৬৮ আসন। এই ফলাফলের সুস্পষ্ট একটি প্রভাবও শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির ক্ষেত্রে পড়েছে। ঢাকার শেয়ারবাজারে আজ লেনদেন শুরুর প্রথম ৪৫ মিনিটের মধ্যে লেনদেনের শীর্ষে উঠে এসেছে ঢাকা ব্যাংক। এ সময়ে ব্যাংকটির প্রায় সাড়ে ৩২ কোটি টাকার সমমূল্যের শেয়ারের হাতবদল হয়। আর প্রতিটি শেয়ারের দাম দিনের সর্বোচ্চ ১ টাকা ৩০ পয়সা বা ১০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৪ টাকা ৮০ পয়সায়। বেসরকারি ঢাকা ব্যাংকের প্রতিষ্ঠাতা উদ্যোক্তাদের মধ্যে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও তাঁর পরিবারের সদস্যরা। বিএনপির জয়ে তাই নির্বাচন–পরবর্তী প্রথম কার্যদিবসে ব্যাংকটির শেয়ার লেনদেনের শীর্ষে উঠে এসেছে।
এ ছাড়া প্রথম ঘণ্টার মধ্যে ঢাকার বাজারে লেনদেনের দিক থেকে তৃতীয় অবস্থানে ছিল মুন্নু গ্রুপের প্রতিষ্ঠান মুন্নু ফেব্রিক্স। মুন্নু গ্রুপের চেয়ারম্যান আফরোজা খানমও মানিকগঞ্জ থেকে বিএনপির প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছেন। মুন্নু গ্রুপের শেয়ারের মূল্যবৃদ্ধিতে তাঁর এই জয় বড় ভূমিকা রেখেছে বলে মনে করছেন শেয়ারবাজার–সংশ্লিষ্টরা। এদিন লেনদেনের প্রথম ঘণ্টার মধ্যে মুন্নু ফেব্রিক্সের প্রতিটি শেয়ারের দাম দিনের সর্বোচ্চ ১০ শতাংশ বা ২ টাকা ২০ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ২৪ টাকা ৫০ পয়সায়। প্রথম এক ঘণ্টার মধ্যে কোম্পানিটির লেনদেন হয়েছে প্রায় ১২ কোটি টাকার সমমূল্যের শেয়ার।
অন্যদিকে জামায়াতে ইসলামী সংশ্লিষ্ট ব্যাংক হিসেবে পরিচিত ইসলামী ব্যাংকের শেয়ারের দরপতন হয়েছে এদিন লেনদেনের শুরুতেই। প্রথম এক ঘণ্টার মধ্যে ব্যাংকটির প্রতিটি শেয়ারের দাম ৫ শতাংশ বা প্রায় আড়াই টাকা কমে দাঁড়িয়েছে ৪৯ টাকা ৭০ পয়সায়। একইভাবে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের প্রতিষ্ঠান ইবনেসিনা ফার্মাসিউটিক্যালসের শেয়ারের দাম এদিন প্রথম এক ঘণ্টায় সোয়া ৩ শতাংশ বা ১১ টাকার বেশি কমেছে।
বাজার–সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, নির্বাচন–পরবর্তী ফলাফলের সুস্পষ্ট একটি প্রভাব আজ শেয়ারবাজারে দেখা যাচ্ছে। বিএনপির নিরঙ্কুশ জয়ে দলটির নেতা ও নির্বাচিত সংসদ সদস্যের মালিকানা বা সংশ্লিষ্টতা রয়েছে—তালিকাভুক্ত এমন কোম্পানির শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের বেশি আগ্রহ দেখা যাচ্ছে। আর জামায়াতে ইসলামীর নেতা ও নির্বাচিত সংসদ সদস্যের সংশ্লিষ্টতা রয়েছে—এমন কোম্পানির শেয়ারের দরপতন ঘটছে। এটি স্পষ্টত নির্বাচনী ফলাফলের প্রভাব।