হাইডেলবার্গ ম্যাটেরিলাসের বিক্রি কমেছে ১১ শতাংশ, মুনাফা থেকে লোকসানে

শেয়ারবাজারপ্রতীকী ছবি

বহুজাতিক সিমেন্ট কোম্পানি হাইডেলবার্গ ম্যাটেরিলাস বড় লোকসান করেছে। গত বছরের প্রথমার্ধের তুলনায় চলতি বছরের প্রথমার্ধে কোম্পানিটির বিক্রি ১১ শতাংশের বেশি কমে গেছে। কোম্পানিটির অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই তথ্য পাওয়া গেছে।

আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটি সিমেন্ট ও অন্যান্য নির্মাণসামগ্রী বিক্রি করেছে ৬৮৪ কোটি টাকার। গত বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৭৬৯ কোটি টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির ব্যবসা বা বিক্রি ৮৫ কোটি টাকা বা ১১ শতাংশ কমে গেছে। বিক্রি যতটা কমেছে, লোকসান বেড়েছে তার চেয়ে বেশি হারে। চলতি বছরের প্রথম ছয় মাস শেষে কোম্পানিটি ১১ কোটি টাকা লোকসান করেছে। গত বছরের একই সময়ে যেখানে কোম্পানিটি মুনাফা করেছিল ২২ কোটি টাকার বেশি। সেই হিসাবে গত বছরের প্রথম ছয় মাসের চেয়ে চলতি বছরের প্রথম ছয় মাসে কোম্পানিটির লোকসান ১৫০ শতাংশ বেড়ে গেছে।

আর্থিক প্রতিবেদন বিশ্লেষণে দেখা যায়, একদিকে কোম্পানিটির বিক্রি কমেছে, অন্যদিকে বেড়েছে উৎপাদন খরচ। চলতি বছরের প্রথম ছয় মাসে ৬৮৪ কোটি টাকার পণ্য বিক্রির বিপরীতে উৎপাদন খরচই ছিল ৯৩ শতাংশ ৬৩৮ কোটি টাকা। অর্থাৎ ১০০ টাকার ব্যবসা বা বিক্রির বিপরীতে কোম্পানিটির উৎপাদন খরচ ছিল ৯৩ টাকা। গত বছরের একই সময়ে কোম্পানিটির ৭৬৯ কোটি টাকার পণ্য বিক্রির বিপরীতে উৎপাদন খরচ ছিল ৬৭৬ কোটি টাকা। অর্থাৎ গত বছরের প্রথম ছয় মাসে ১০০ টাকার ব্যবসা করতে উৎপাদনের পেছনে খরচ ছিল ৮৮ টাকা।

মুনাফা কমার জন্য কোম্পানিটি বিক্রি কমে যাওয়া ও উৎপাদন খরচ বৃদ্ধিকে অন্যতম প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছে। জানতে চাইলে কোম্পানি সচিব সুলতান রিয়াজ মাহমুদ প্রথম আলোকে বলেন, দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতিতে চলতি বছরের শুরু থেকে সিমেন্টের চাহিদা কম ছিল। চাহিদা কমে যাওয়ায় উৎপাদনও কম ছিল। তার বিপরীতে মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে তেলের মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে কাঁচামাল আমদানিতে। কাঁচামালের মূল্যবৃদ্ধির পাশাপাশি পরিবহন খরচও বেড়ে গেছে। সব মিলিয়ে তাই বছরের প্রথমার্ধে লোকসান হয়েছে।

দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতিতে চলতি বছরের শুরু থেকে সিমেন্টের চাহিদা কম ছিল। চাহিদা কমে যাওয়ায় উৎপাদনও কম ছিল।
সুলতান রিয়াজ মাহমুদ, কোম্পানি সচিব, হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস

সুলতান রিয়াজ মাহমুদ আরও বলেন, ‘সিমেন্টের ব্যবসা পুরোপুরি অবকাঠামো খাতের সঙ্গে সম্পর্কিত। দেশের সামগ্রিক অবকাঠামো খাতে গতি ফিরলে আশা করছি আমাদের ব্যবসাও ঘুরে দাঁড়াবে।’

অর্ধবার্ষিক প্রতিবেদনের পাশাপাশি কোম্পানিটি সর্বশেষ এপ্রিল-জুন প্রান্তিকের আলাদা আর্থিক প্রতিবেদনও প্রকাশ করেছে। তাতে দেখা যায়, সর্বশেষ গত এপ্রিল-জুন প্রান্তিকে কোম্পানিটি ব্যবসা করেছে ৩২১ কোটি টাকার। গত বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৩৪০ কোটি টাকা। সেই হিসাবে গত বছরের দ্বিতীয় প্রান্তিকের তুলনায় চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির ব্যবসা কমেছে ১৯ কোটি টাকার বা সাড়ে ৫ শতাংশ। গত এপ্রিল-জুন প্রান্তিক শেষে হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস ৬ কোটি টাকা লোকসান করেছে। গত বছরের একই প্রান্তিকে ২ কোটি ৬৫ লাখ টাকা মুনাফা করেছিল।