শেয়ারবাজারে সূচকের পতন ঠেকাল ব্র্যাক ব্যাংক, অলিম্পিক ও সিটি ব্যাংক

  • ব্র্যাক ও সিটি ব্যাংক এবং অলিম্পিক ইন্ডাস্ট্রিজের শেয়ারের মূল্যবৃদ্ধিতে এদিন ডিএসইএক্স সূচক বেড়েছে ১৯ পয়েন্ট।

  • এর মধ্যে ব্র্যাক ব্যাংকের ৪ টাকা মূল্যবৃদ্ধিতে ডিএসইএক্স সূচক বেড়েছে ১৫ পয়েন্টের বেশি।

শেয়ারবাজারগ্রাফিকস: প্রথম আলো

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রোববার সূচকের পতন ঠেকিয়েছে ব্র্যাক ব্যাংক, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ও সিটি ব্যাংক। এই তিন কোম্পানির শেয়ারের মূল্যবৃদ্ধি দিন শেষে সূচকের পতন থামিয়েছে। তাতে দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৬৮ পয়েন্টে।

সপ্তাহের প্রথম কার্যদিবসে আজ ঢাকার বাজারে লেনদেনের শুরু থেকেই ছিল সূচকের উত্থান-পতন। একপর্যায়ে ডিএসইএক্স সূচকটি আগের দিনের চেয়ে ২৩ পয়েন্টের মতো কমে যায়। তখন ব্র্যাক ব্যাংক, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ও সিটি ব্যাংকের শেয়ারের মূল্যবৃদ্ধি সূচকের সেই পতন থামিয়ে দেয়। এদিন ব্র্যাক ব্যাংকের শেয়ারের দাম এক দিনেই প্রায় ৪ টাকা বা সাড়ে ৪ শতাংশ বেড়ে দাঁড়ায় ৮৬ টাকা ৬০ পয়সায়। গত বৃহস্পতিবার ব্র্যাক ব্যাংকের প্রতিটি শেয়ারের বাজারমূল্য ছিল ৮৩ টাকা। এ ছাড়া আজ অলিম্পিক ইন্ডাস্ট্রিজের প্রতিটি শেয়ারের দাম বাড়ে ৪ টাকা ৬০ পয়সা বা ৩ শতাংশ। আর সিটি ব্যাংকের প্রতিটি শেয়ারের দাম বেড়েছে ৩০ পয়সা বা ১ শতাংশ। এই তিন কোম্পানির শেয়ারের মূল্যবৃদ্ধি সূচকের পতন ঠেকাতে বড় ভূমিকা রেখেছে।

দেশের শীর্ষস্থানীয় ব্রোকারেজ হাউস লঙ্কাবাংলা সিকিউরিটিজের প্রতিবেদন অনুযায়ী, ব্র্যাক ব্যাংক, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ও সিটি ব্যাংকের শেয়ারের মূল্যবৃদ্ধিতে সম্মিলিতভাবে ডিএসইএক্স সূচকটি বেড়েছে ১৯ পয়েন্টের মতো। এর মধ্যে ব্র্যাক ব্যাংকের শেয়ারের ৪ টাকা মূল্যবৃদ্ধিতেই ডিএসইএক্স সূচকটি সর্বোচ্চ ১৫ পয়েন্টের বেশি বেড়েছে। মূলত ব্র্যাক ব্যাংকের শেয়ারের দামের বড় উত্থানই এদিন ঢাকার বাজারের সূচক পতন ঠেকাতে সর্বোচ্চ ভূমিকা রেখেছে।

ঢাকার বাজারে আজ রোববার ৩৮৮টি প্রতিষ্ঠানের লেনদেন হয়। এর মধ্যে ১৯৪টিরই দরপতন হয়েছে। দাম বেড়েছে ১২৩টির আর অপরিবর্তিত ছিল ৭১টির দাম। বেশির ভাগ শেয়ারের দরপতনের পরও সূচকটি দিন শেষে ইতিবাচক ধারায় ছিল মূলত উল্লেখিত কয়েকটি কোম্পানির শেয়ারের মূল্যবৃদ্ধির কারণে। বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সামনে ব্যাংক খাতের শেয়ারের বছর শেষের লভ্যাংশের ঘোষণা আসবে। আগামী মাস থেকে ব্যাংকগুলো গত বছরের আর্থিক হিসাবের ভিত্তিতে শেয়ারধারীদের জন্য লভ্যাংশ ঘোষণা শুরু করবে। এ কারণে ভালো ব্যাংকের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে। দেশের যেসব ব্যাংক মুনাফায় ভালো করেছে, সেসব ব্যাংকের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহও এখন বেশি দেখা যাচ্ছে। গত বছরের প্রথম ৯ মাসের হিসাবে দেশের বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে মুনাফায় শীর্ষে ছিল ব্র্যাক ব্যাংক। এরপর ছিল সিটি ব্যাংকের অবস্থান। এ জন্য এ দুটি ব্যাংক কিছুদিন ধরেই লেনদেনের শীর্ষে জায়গা করে নিয়েছে।

ঢাকার বাজারে আজ লেনদেনের দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে ছিল যথাক্রমে ব্র্যাক ব্যাংক ও সিটি ব্যাংক। এর মধ্যে ব্র্যাক ব্যাংক প্রায় ২৪ কোটি টাকা আর সিটি ব্যাংকের প্রায় ২০ কোটি টাকার শেয়ারের হাতবদল হয়। লেনদেনের দিক থেকে শীর্ষ অবস্থানে থাকা অলিম্পিক ইন্ডাস্ট্রিজের লেনদেনের পরিমাণ ছিল ৩৯ কোটি টাকা। এই তিন কোম্পানির সম্মিলিত লেনদেনের পরিমাণ ছিল ৮৩ কোটি টাকা, যা ডিএসইর মোট লেনদেনের প্রায় ১৫ শতাংশ। ঢাকার বাজারে আজ দিন শেষে লেনদেনের পরিমাণ ছিল ৫৬৮ কোটি টাকা।

বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, গত সপ্তাহে শেয়ারবাজার থেকে প্রায় ১৫৫ কোটি টাকার সমমূল্যের ১ কোটি শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন অলিম্পিক ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান আজিজ মোহাম্মদ ভাই। সেই ঘোষণার পর কোম্পানির শেয়ারের প্রতি সাধারণ বিনিয়োগকারীদের আগ্রহ বেড়ে গেছে। তাতে কোম্পানিটির শেয়ারের মূল্যবৃদ্ধির পাশাপাশি লেনদেনও বেড়েছে।

লঙ্কাবাংলা সিকিউরিটিজের প্রতিবেদন অনুযায়ী, ঢাকার বাজারে আজ সূচকের পতনের পেছনে যে কয়টি কোম্পানি বড় ভূমিকা রেখেছে, তার মধ্যে শীর্ষে ছিল স্কয়ার ফার্মাসিউটিক্যালস। এদিন কোম্পানিটির শেয়ারের দাম প্রায় ৪ টাকা বা দেড় শতাংশের বেশি কমে দিন শেষে নেমে আসে ২২৪ টাকায়। আর তাতে ডিএসইএক্স সূচকটি কমেছে ৭ পয়েন্টের বেশি।