স্ত্রীকে দুই কোটি টাকার শেয়ার উপহার দিচ্ছেন স্বামী
শেয়ারবাজারে তালিকাভুক্ত লিগ্যাসি ফুটওয়্যারের উদ্যোক্তা পরিচালক কাজী নাফিজ আহমেদ তাঁর স্ত্রীকে কোম্পানির ২ লাখ ৬০ হাজার শেয়ার উপহার দিচ্ছেন। আজ রোববার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটের মাধ্যমে তিনি স্ত্রীকে শেয়ার উপহার দেওয়ার এই ঘোষণা দিয়েছেন। নাফিজ আহমেদের স্ত্রী শামসে আরা জাবিন কোম্পানিটির একজন সাধারণ শেয়ারধারী।
ডিএসইর ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, লিগ্যাসি ফুটওয়্যারের উদ্যোক্তা পরিচালক নাফিজ আহমেদ তাঁর স্ত্রীকে উপহার হিসেবে কোম্পানিটির ২ লাখ ৬০ হাজার শেয়ার হস্তান্তর করবেন। বাজারে আজ রোববার বেলা সাড়ে ১১টায় কোম্পানিটির শেয়ারের বাজারমূল্য ছিল ৮০ টাকা ৫০ পয়সা। সেই হিসাবে নাফিজ আহমেদ তাঁর স্ত্রীকে যে শেয়ার উপহার দিচ্ছেন তার বাজারমূল্য দাঁড়ায় ২ কোটি ৯ লাখ টাকা। শেয়ারবাজারের স্বাভাবিক লেনদেন ব্যবস্থার বাইরে এই শেয়ার হস্তান্তর করা হবে। নিয়ম অনুযায়ী, ৩০ দিনের মধ্যে শেয়ার হস্তান্তরের এই প্রক্রিয়া সম্পন্ন হবে।
শেয়ারবাজারে ২০০০ সালে তালিকাভুক্ত ট্যানারি খাতের কোম্পানি লিগ্যাসি ফুটওয়্যার মাঝারি মানের ‘বি’ শ্রেণিভুক্ত একটি কোম্পানি। ২০২৪–২৫ অর্থবছর শেষে কোম্পানি শেয়ারধারীদের মাত্র আধা শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। এটি মাঝারি মূলধনি একটি কোম্পানি। কোম্পানিটির পরিশোধিত মূলধন ৪৩ কোটি টাকা।
এদিকে আজ রোববার লেনদেন শুরুর প্রথম দেড় ঘণ্টায় ঢাকার বাজারে কোম্পানিটির শেয়ার লেনদেনের শীর্ষ দশের তালিকায় ছিল। এই প্রতিবেদন লেখাকালে বেলা সাড়ে ১১টায় লেনদেনের দিক থেকে এটির অবস্থান ছিল ষষ্ঠ। এ সময় পর্যন্ত কোম্পানিটির ৮ কোটি টাকার সমমূল্যের শেয়ারের হাতবদল হয়। প্রতিটি শেয়ারের দাম ৪ টাকা বা প্রায় সাড়ে ৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৮০ টাকা ৫০ পয়সায়।