শেয়ারবাজারে লেনদেনের সময় কমছে ১০ মিনিট

শেয়ারবাজারগ্রাফিকস: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজারে আগামীকাল বুধবার থেকে লেনদেনের সময় ১০ মিনিট কমছে। কাল থেকে শেয়ারবাজারে লেনদেন শুরু হবে সকাল সাড়ে ৯টায়। বিরতি ছাড়া এ লেনদেন চলবে বেলা ১টা ৫০ মিনিট পর্যন্ত। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) আজ মঙ্গলবার লেনদেনের নতুন এ সময় নির্ধারণ করেছে।

বিএসইসির এ-সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে, বিদ্যুৎ সাশ্রয়ী সরকারের নেওয়া পদক্ষেপের অংশ হিসেবে শেয়ারবাজারের লেনদেনের সময়েও পরিবর্তন আনা হয়েছে। ব্যাংকিং লেনদেনের সময়ের সঙ্গে সমন্বয় করে শেয়ারবাজারে লেনদেনের নতুন এ সময় ঠিক করা হয়েছে।

বর্তমানে শেয়ারবাজারে সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত একটানা সাড়ে ৪ ঘণ্টা লেনদেন চলে। আগামীকাল থেকে লেনদেনের এ সময় ১০ মিনিট কমে দাঁড়াবে ৪ ঘণ্টা ২০ মিনিটে। পাশাপাশি লেনদেন-পরবর্তী সমাপনী লেনদেনের সময়ও ৫ মিনিট কমিয়ে ১০ মিনিট করা হয়েছে। সমাপনী বা ক্লোজিং লেনদেন চলবে বেলা ১টা ৫০ মিনিট থেকে ২টা পর্যন্ত। এত দিন সমাপনী লেনদেন চলত ১৫ মিনিট।

এর আগে গতকাল সোমবার ব্যাংকিং লেনদেনের নতুন সময় নির্ধারণ করে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, আগামীকাল থেকে ব্যাংকে লেনদেন চলবে সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত। সোমবার মন্ত্রিসভার বৈঠকে সরকারি অফিস-আদালতের নতুন সময়সূচি নির্ধারণ করা হয়। তার ভিত্তিতে পরবর্তীকালে ব্যাংকিং ও শেয়ারবাজারের লেনদেনের সময় ঠিক করা হয়েছে।

বিএসইসির এ-সংক্রান্ত নির্দেশনায় শেয়ারবাজার-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম যতটা সম্ভব অনলাইনে পরিচালনার কথাও বলা হয়েছে। এরই মধ্যে লেনদেনের সঙ্গে জড়িত শেয়ারবাজার-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কাছে এ নির্দেশনা পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম।