উত্তরা ব্যাংকের ৩০ শতাংশ লভ্যাংশ অনুমোদন
উত্তরা ব্যাংক পিএলসি ২০২৫ সালের শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ লভ্যাংশ অনুমোদন করেছে। এর মধ্যে ২৫ শতাংশ স্টক লভ্যাংশ বা বোনাস শেয়ার এবং ৫ শতাংশ নগদ লভ্যাংশ হিসেবে অনুমোদন করা হয়।
সম্প্রতি উত্তরা ব্যাংকের ৪৩তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এই লভ্যাংশ অনুমোদিত হয়। বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় ডিজিটাল প্ল্যাটফর্মে। সভায় লভ্যাংশের পাশাপাশি ব্যাংকের লাভ–ক্ষতির হিসাবসহ ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদনও অনুমোদন করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে উত্তরা ব্যাংক এসব তথ্য জানিয়েছে।
ভার্চ্যুয়াল মাধ্যমে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন উত্তরা ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আজহারুল ইসলাম। এতে ব্যাংকের ভাইস চেয়ারম্যান ইফতেখারুল ইসলাম এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী মো. আবুল হাশেমসহ পরিচালকেরা উপস্থিত ছিলেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় উপস্থিত শেয়ারহোল্ডাররা ব্যাংকের সার্বিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন।
উত্তরা ব্যাংক শেয়ারবাজারে তালিকাভুক্ত একটি কোম্পানি। গতকাল বৃহস্পতিবার প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এই ব্যাংকের প্রতিটি শেয়ার ২১ টাকা ৫০ পয়সা দরে কেনাবেচা হয়েছে। এদিন দেশের শীর্ষস্থানীয় বেসরকারি এই ব্যাংকের শেয়ারের দাম অবশ্য অপরিবর্তিত ছিল, অর্থাৎ বাড়েওনি, কমেওনি।
ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, বর্তমানে উত্তরা ব্যাংকের ২৫০টি পরিপূর্ণ অনলাইন সুবিধাসংবলিত শাখা এবং ৫১টি উপশাখা রয়েছে।