বিএসইসির ওয়েবসাইট হ্যাকড হয়েছে
পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ওয়েবসাইট (sec.gov.bd) হ্যাক করা হয়েছে। গতকাল রোববার রাতেই এই ওয়েবসাইট হ্যাকড হয়েছে বলে জানা গেছে।
আজ সোমবার সকালে বিএসইসির নির্বাহী পরিচালক মোহাম্মাদ রেজাউল করিম প্রথম আলোকে বলেন, মধ্যরাতের পর থেকে বিএসইসির ওয়েবসাইটে ঢোকা যাচ্ছে না। রাতে ওয়েবসাইটে শিক্ষার্থীদের একটি ব্যানার ঝুলছিল, কিন্তু এখন সেটি নেই। সংস্থাটির আইটি বিভাগ ওয়েবসাইটটি সচল করতে সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে।
আজ সকালে বিএসইসির ওয়েবসাইটে ঢুকে দেখা যায়, ‘হ্যাকড বাই মি. নো ফেস’ শীর্ষক লাল অক্ষরে লেখা একটি ব্যানার ঝুলছে। এ ছাড়া পুরো ওয়েবসাইট কালো হয়ে আছে, বাঁ দিকে একজন হ্যাকারের প্রতীকী ছবিও আছে।
গতকাল সরকার অনির্দিষ্টকালের জন্য কারফিউ আরোপের পাশাপাশি তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে। এই সময় পুঁজিবাজার বন্ধ থাকবে।