লোকসানে সরকারি কোম্পানি ন্যাশনাল টিউবস, কমে গেছে নগদ টাকাও
চলতি অর্থবছরের প্রথম নয় মাসে লোকসান করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত সরকারি কোম্পানি ন্যাশনাল টিউবস। শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন কোম্পানিটি চলতি ২০২৫–২৬ অর্থবছরের প্রথম নয় মাসে ৫ কোটি ৫৭ লাখ টাকা লোকসান করেছে। তার আগের অর্থবছরের প্রথম নয় মাসে কোম্পানিটি পৌনে ৩ কোটি টাকা মুনাফা করেছিল। সেই হিসাবে চলতি অর্থবছরে সরকারি এই কোম্পানিটি আবারও লোকসানের ধারায় ফিরে গেছে।
গত বৃহস্পতিবার কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় চলতি অর্থবছরের প্রথম নয় মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করা হয়। একই সভায় চলতি বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি–মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনও চূড়ান্ত করা হয়। চলতি বছরের প্রথম তিন মাসের হিসাবেও কোম্পানিটি লোকসান করেছে। শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি হিসেবে নিয়ম অনুযায়ী আজ রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইটের মাধ্যমে কোম্পানি আর্থিক প্রতিবেদনের এই তথ্য বিনিয়োগকারীদের জানিয়েছে।
কোম্পানিটি দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম তিন মাসে (জানুয়ারি–মার্চ) কোম্পানিটি লোকসান করেছে এক কোটি ৩২ লাখ টাকা। গত বছরের একই সময়ে কোম্পানিটি প্রায় দেড় কোটি টাকা মুনাফা করেছিল। লোকসানে থাকায় কোম্পানিটির হাতে নগদ অর্থের পরিমাণও কমে গেছে। চলতি অর্থবছরের প্রথম নয় মাস শেষে (জুলাই–মার্চ) কোম্পানিটির শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ কমে দাঁড়ায় ১৭ পয়সায়। তার আগের অর্থবছরের একই সময়ে কোম্পানিটির হাতে শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ ছিল ১ টাকা ৯ পয়সা। সেই হিসাবে লোকসানের কারণে কোম্পানিটির হাতে নগদ টাকার পরিমাণ উল্লেখযোগ্য পরিমাণে কমে গেছে। পাশাপাশি কমেছে সম্পদমূল্যও। গত মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্যের পরিমাণ দাঁড়িয়েছে ১৩৬ টাকা ২ পয়সায়। অর্থাৎ কোম্পানিটির হাতে স্থাবর–অস্থাবর মিলিয়ে যে পরিমাণ সম্পদ রয়েছে তাতে শেয়ারপ্রতি সম্পদের পরিমাণ দাঁড়ায় ১৩৬ টাকায়। কোম্পানিটির হাতে থাকা মোট সম্পদমূল্য গত মার্চ শেষে কমে দাঁড়িয়েছে প্রায় ৪৭৪ টাকায়। তার আগের অর্থবছরের প্রথম নয় মাস শেষে কোম্পানিটির মোট সম্পদমূল্য ছিল ৪৭৯ কোটি টাকার।
এদিকে লোকসানের খবরে আজ রোববার শেয়ারবাজারে কোম্পানিটির শেয়ারের দরপতন হয়েছে। সকাল ১১টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোম্পানিটির প্রতিটি শেয়ারের বাজারমূল্য ১ টাকা ২০ পয়সা বা প্রায় ২ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬০ টাকা ৫০ পয়সায়। এ সময় পর্যন্ত কোম্পানিটির প্রায় ৮৩ হাজারের বেশি শেয়ারের হাতবদল হয়েছে।