শেয়ারবাজার শক্তিশালী হলেই ফ্লোর প্রাইস তোলা হবে: শিবলী রুবাইয়াত
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল ইসলাম বলেছেন, শেয়ারবাজারের ফ্লোর প্রাইস তুলে নেওয়ার জন্য তারা আগ্রহী। বাজারের একটু শক্ত অবস্থান তৈরি হয়েছে মনে হলেই ফ্লোর প্রাইস তুলে নেওয়া হবে।
আজ মঙ্গলবার রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) কার্যালয়ে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলাদেশের শেয়ারবাজারের চ্যালেঞ্জ ও সম্ভাব্য প্রতিকার বিষয়ে ওই সেমিনারের আয়োজন করে ইআরএফ।
শিবলী রুবাইয়াত-উল ইসলাম বলেন, ‘আমরা যখন মনে করব যে মানুষের পুঁজির নিরাপত্তা নিশ্চিত হবে, কেউ বিপদে পড়বে না, কখনো সেই পুরোনো ইতিহাসের পুনরাবৃত্তি হবে না; তখন সঙ্গে সঙ্গে ফ্লোর প্রাইস উঠিয়ে নেব। সেটার জন্য আমরাও অধীর আগ্রহী। খুব তাড়াতাড়ি যাতে ফ্লোর প্রাইস তুলে নিতে পারি, সে রকম একটা চেষ্টা আমাদের পক্ষ থেকে আছে।’
ইআরএফের সভাপতি মোহাম্মদ রেফায়েত উল্লাহ মীরধার সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য দেন ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডের (সিএমএসএফ) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব নজিবুর রহমান, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান হাফিজ মুহম্মদ হাসান, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) চেয়ারম্যান আসিফ ইব্রাহিম, এনআরবি কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তমাল এবং অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিজ অ্যাসোসিয়েশনের সভাপতি হাসান ইমাম।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইআরএফ সদস্য মোহাম্মদ মোফাজ্জল হোসেন। তিনি বলেন, করোনার সময় ফ্লোর প্রাইস আরোপ করা হয়েছিল। সেটি উঠতে তখন ১৫ মাস লেগে যায়। গত বছর আবার ফ্লোর প্রাইস আরোপ করা হয়েছে। এরপর ১১ মাস হয়ে গেলেও সেখান থেকে বের হওয়া যায়নি।
এ প্রসঙ্গে বিএসইসি চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল ইসলাম বলেন, ‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে পুরো বিশ্বের অর্থনৈতিক পরিস্থিতি খারাপ অবস্থায় পড়ে। সে পরিস্থিতিতে দেশের শেয়ারবাজারের লেনদেনও প্রভাবিত হয়। এমন পরিস্থিতিতে গত বছর ইচ্ছা না থাকা সত্ত্বেও ফ্লোর প্রাইস আরোপ করা হয়। বর্তমান পরিস্থিতিতে বিনিয়োগকারীদের পুঁজির নিরাপত্তাকে সবচেয়ে গুরুত্ব দিচ্ছি আমরা।’
রাষ্ট্রায়ত্ত বেশ কিছু কোম্পানিকে শেয়ারবাজারে আনতে বিএসইসি কাজ করছে, এ কথা জানিয়ে শিবলী রুবাইয়াত-উল ইসলাম বলেন, ‘আমরা ২২টির মতো রাষ্ট্রায়ত্ত কোম্পানির একটি তালিকা সরকারের কাছে পাঠিয়েছি। আমরা মনে করি, এসব কোম্পানির শেয়ারবাজারে আসা উচিত।’
শেয়ারবাজারকে শক্তিশালী ও বিনিয়োগ বৃদ্ধি করতে বেশ কিছু পরামর্শ দেন ডিএসই চেয়ারম্যান হাফিজ মুহম্মদ হাসান। তিনি বলেন, পুঁজিবাজার নিয়ে বিরূপ অভিজ্ঞতার কারণে বিনিয়োগকারীরা আস্থাহীনতায় ভোগেন। এ পরিস্থিতি দূর করতে শেয়ারবাজারে প্রাতিষ্ঠানিক ও ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য আলাদা ব্যবস্থা করতে হবে। কোম্পানি ছাড়াও বন্ড, গভর্নমেন্ট সিকিউরিটিসসহ বিভিন্ন পণ্য বৈচিত্র্য বাড়াতে হবে।
এ ছাড়া বহুজাতিক কোম্পানিকে তালিকাভুক্ত করা, তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত কোম্পানির মধ্যে ট্যাক্স-গ্যাপ কমানোর জন্য নীতিনির্ধারকদের উদ্যোগ নিতে হবে বলেও মনে করেন দেশের প্রধান পুঁজিবাজারের চেয়ারম্যান।
বাংলাদেশকে ২০৪১ সাল নাগাদ উন্নত দেশের অবস্থানে পৌঁছাতে যে পরিমাণ বিনিয়োগ প্রয়োজন হবে, তা পেতে হলে পুঁজিবাজার থেকে দীর্ঘমেয়াদি অর্থায়নের বিকল্প নেই বলে মনে করেন সিএসই চেয়ারম্যান আসিফ ইব্রাহিম। তিনি বলেন, কিছুটা নিয়ন্ত্রণমুক্ত হলে ও আমলাতান্ত্রিক প্রক্রিয়া কমানো গেলে উদ্যোক্তারা খুশি হবেন। তাতে পুঁজিবাজারে বিনিয়োগও বাড়বে। এ ছাড়া আর্থিক খাতের বাইরে উৎপাদন খাতকে পুঁজিবাজারে আসতে উদ্বুদ্ধ করতে হবে।
সেমিনারে এনআরবি কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তমাল বলেন, ‘পুরো বিশ্বে ব্যাংকিং খাত স্বল্পমেয়াদি বিনিয়োগ ও পুঁজিবাজার দীর্ঘমেয়াদি বিনিয়োগ উৎস হিসেবে কাজ করে। কিন্তু আমাদের দেশে এই চিত্র বিপরীত। শেয়ারবাজারকে দীর্ঘমেয়াদি বিনিয়োগ উপযোগী করতে হলে এটিকে জনমুখী করার উদ্যোগ নিতে হবে।’
রেমিট্যান্স পাঠানো ছাড়াও অনেক প্রবাসী বিনিয়োগে আগ্রহী, এমন তথ্য জানিয়ে তিনি বলেন, প্রবাসীরা বন্ড কিনে দীর্ঘমেয়াদি বিনিয়োগ করতে পারেন। কিন্তু সেই পরিবেশ আগে তৈরি করতে হবে।
অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিজ অ্যাসোসিয়েশনের সভাপতি হাসান ইমাম বলেন, ‘দেশের পুঁজিবাজারে সব খাতের প্রতিনিধিত্ব নেই। ফান্ড ম্যানেজমেন্টও একটা চ্যালেঞ্জ। যুক্তরাষ্ট্রে ২০১০-২০ সালের মধ্যে শেয়ারবাজারে ৪০০ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। এর কারণ সেখানকার কেন্দ্রীয় ব্যাংক বিপুল পরিমাণে অর্থ সরবরাহ করেছে। আমাদের দেশে এটি অনেক কম।’