তিন মাসে ১৪,৫৬৩ কোটি টাকার সিগারেট বিক্রি বিএটিবিসির

ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ (বিএটিবি)

বহুজাতিক ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানির (বিএটিবিসি) সিগারেট বিক্রি বেড়েছে। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের তিন মাসে (এপ্রিল–জুন) কোম্পানিটি ১৪ হাজার ৫৬৩ কোটি টাকার সিগারেট বিক্রি করেছে। গত বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১৩ হাজার ৮৮৫ কোটি টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির বিক্রি বেড়েছে ৬৭৮ কোটি টাকার বা প্রায় ৫ শতাংশ।

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে। গত বৃহস্পতিবার কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় এই আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করা হয়। আর আজ রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) মাধ্যমে আর্থিক প্রতিবেদনের লাভ–লোকসান হিসাব বিনিয়োগকারীদের সংক্ষিপ্ত আকারে জানিয়েছে কোম্পানিটি।

আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বিক্রি বেড়ে যাওয়ায় কোম্পানিটির মুনাফাও উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিক শেষে কোম্পানিটির মুনাফা বেড়ে দাঁড়িয়েছে ২০৪ কোটি টাকায়। গত বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৯৭ কোটি টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির মুনাফা বেড়েছে ১০৭ কোটি টাকা বা দ্বিগুণেরও বেশি।

মুনাফা বৃদ্ধির খবরে আজ ঢাকার বাজারে কোম্পানিটির শেয়ারের দামও কিছুটা বেড়েছে। ডিএসইতে লেনদেনের প্রথম দুই ঘণ্টায় কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ১ টাকা ৩০ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ২২৭ টাকায়। এই সময়ে কোম্পানিটির প্রায় ১ লাখ ৩৭ হাজার শেয়ারের হাতবদল হয়, যার বাজারমূল্য ছিল ৩ কোটি টাকার বেশি।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের প্রথম ছয় মাসে বহুজাতিক এই সিগারেট বিপণনকারী কোম্পানিটির মোট বিক্রির পরিমাণ ছিল ২৩ হাজার ২৮৮ কোটি টাকা। গত বছরের প্রথমার্ধে যার পরিমাণ ছিল ২৩ হাজার ৪৮২ কোটি টাকা। সেই হিসাবে ছয় মাসের বিবেচনায় গত বছরের চেয়ে চলতি বছরে বিক্রি কিছুটা কমেছে। এ কারণে ছয় মাসে মুনাফাও কিছুটা কম ছিল কোম্পানিটির। চলতি বছরের প্রথম ছয় মাস শেষে কোম্পানিটির কর–পরবর্তী মুনাফা দাঁড়িয়েছে ৪১৩ কোটি টাকা। গত বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৪১৫ কোটি টাকা।

জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআরের রাজস্ব আয়ের বড় খাতের মধ্যে তামাক বা সিগারেট কোম্পানি অন্যতম। চলতি বছরের প্রথম ছয় মাসে সোয়া ২৩ হাজার কোটি টাকার সিগারেট বিক্রির বিপরীতে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো সরকারকে সম্পূরক শুল্ক ও ভ্যাট বাবদ দিয়েছে ১৯ হাজার ৪৫৭ কোটি টাকা। গত বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১৯ হাজার ৪০৫ কোটি টাকা।

দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত পুরোনো কোম্পানিগুলোর একটি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো। ১৯৭৭ সালে এটি ঢাকার শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। বর্তমানে এটি ভালো মৌলভিত্তির কোম্পানি হিসেবে ‘এ’ শ্রেণিভুক্ত।