প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে বিনিয়োগ সম্মেলন করবে বিএসইসি ও বিডা
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরকালে দেশটিতে বিনিয়োগ সম্মেলনের আয়োজন করা হয়েছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করেছে। বাংলাদেশ ও জাপানের মধ্যকার বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা নিয়ে এ সম্মেলন হবে।
বিএসইসি সূত্রে জানা গেছে, ২৭ এপ্রিল জাপানের রাজধানী টোকিওতে ওয়েস্টিন হোটেলে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া অনুষ্ঠানে জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত, বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত, বিএসইসির চেয়ারম্যান, জাপান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির চেয়ারম্যান, বিডার নির্বাহী চেয়ারম্যানসহ বাংলাদেশের বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের শীর্ষ ব্যক্তিরা উপস্থিত থাকবেন।
জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার আমন্ত্রণে ২৫ এপ্রিল টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৮ এপ্রিল পর্যন্ত জাপানে অবস্থান করবেন তিনি।
২০২১ সাল থেকে বিএসইসি ও বিডার পক্ষ থেকে বিশ্বের বিভিন্ন দেশে ধারাবাহিকভাবে বিনিয়োগ সম্মেলনের আয়োজন করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর জাপান সফরকে কেন্দ্র করে এবার জাপানে বিনিয়োগ সম্মেলনের আয়োজন করা হয়েছে। ২০২১ সালের ফেব্রুয়ারিতে দুবাইয়ে আয়োজিত বিনিয়োগ সম্মেলনের মাধ্যমে এ আয়োজন শুরু হয়। এরপর একে একে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, ওয়াশিংটন ও লস অ্যাঞ্জেলেস; সুইজারল্যান্ডের জেনেভা ও জুরিখ; যুক্তরাজ্যের লন্ডন ও ম্যানচেস্টার; সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি এবং কাতারের দোহায়। জাপানের এ আয়োজন বিএসইসি ও বিডার যৌথ উদ্যোগে আয়োজিত বিনিয়োগ সম্মেলনের ১৩তম আসর।
জাপানে এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ষষ্ঠ সফর। এর আগে ১৯৯৭, ২০১০, ২০১৪, ২০১৬ ও ২০১৯ সালে বন্ধুপ্রতিম দেশটিতে গেছেন।
জাপানের বিনিয়োগ সম্মেলন উপলক্ষে প্রকাশিত বিশেষ প্রকাশনায় বলা হয়েছে, বর্তমানে বাংলাদেশে জাপানের ৩২৪টি কোম্পানি কার্যক্রম পরিচালনা করছে। গত ২০২০–২১ অর্থবছরে বাংলাদেশ থেকে জাপানে ১১৮ কোটি মার্কিন ডলারের পণ্য রপ্তানি হয়েছে। আর একই বছর জাপান থেকে বাংলাদেশে প্রবাসী আয় এসেছে প্রায় আট কোটি ডলার। ওই অর্থবছরে জাপান থেকে ৪১ কোটি ডলারের বিনিয়োগ এসেছে বাংলাদেশে।
প্রকাশনায় আরও বলা হয়, ২০২২ সালে বাংলাদেশ ও জাপানের মধ্যকার সম্পর্কের ৫০ বছর বা সুবর্ণজয়ন্তী পূর্তি হয়েছে। জাপান বাংলাদেশের দীর্ঘদিনের পরীক্ষিত উন্নয়ন সহযোগী দেশ। ১৯৭১ সালে দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালে জাপান বাংলাদেশে ও বাংলাদেশ জাপানে দূতাবাস খোলে। ১৯৭০ থেকে ১৯৮০ সাল সময়ে জাপান বাংলাদেশে কৃষি ও পল্লি উন্নয়নে সহায়তা বৃদ্ধি করে। ১৯৯১ সালে জাপানের আর্থিক সহায়তায় তৈরি হয় মেঘনা সেতু। আর এরপর জাপান সহায়তা দেয় যমুনা নদীর ওপর বঙ্গবন্ধু সেতু নির্মাণে, যেটির উদ্বোধন হয় ১৯৯৮ সালে।
বর্তমানে বাংলাদেশে জাপানের ৩২৪টি কোম্পানি কার্যক্রম পরিচালনা করছে। গত ২০২০–২১ অর্থবছরে বাংলাদেশ থেকে জাপানে ১১৮ কোটি মার্কিন ডলারের পণ্য রপ্তানি হয়েছে।
সরকারি তথ্য অনুযায়ী, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার আমন্ত্রণে ২৫ এপ্রিল টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী। চার দিনের এই সফরের সময় প্রতিরক্ষা, যোগাযোগ অবকাঠামো, সাইবার নিরাপত্তা, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি, কৃষিতে সহায়তাসহ নানা ক্ষেত্রে প্রায় ১০টি চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি চলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৮ এপ্রিল পর্যন্ত জাপানে অবস্থান করবেন। এরপর জাপান থেকে তাঁর সরাসরি যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা রয়েছে। যুক্তরাষ্ট্রে নানা কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর তিনি যুক্তরাজ্যে যাবেন। যুক্তরাজ্যে কর্মসূচি শেষ করে ৮ মে দেশে ফেরার কথা রয়েছে তাঁর।
জাপানে এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ষষ্ঠ সফর। এর আগে ১৯৯৭, ২০১০, ২০১৪, ২০১৬ ও ২০১৯ সালে বন্ধুপ্রতিম দেশটিতে গেছেন।
বিএসইসির পক্ষ থেকে বলা হয়েছে, সম্মেলনে বাংলাদেশে জাপানের ব্যবসায়ীদের বিনিয়োগের সুযোগ ও সম্ভাবনার নানা দিক তুলে ধরা হবে। বিনিয়োগ আকর্ষণের পাশাপাশি বিশ্বের বুকে বাংলাদেশকে ব্র্যান্ডিং করতে ধারাবাহিকভাবে বিশ্বের বিভিন্ন দেশে এ সম্মেলনের আয়োজন করা হচ্ছে। তবে বিএসইসির পক্ষ থেকে এ ধরনের সম্মেলন আয়োজন নিয়ে বিভিন্ন মহলে সমালোচনাও রয়েছে।