৫০০ কোটি টাকার বন্ড ছাড়বে এমটিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেয়ারবাজার
গ্রাফিকস: প্রথম আলো

সাত বছর মেয়াদি বন্ড ছেড়ে বাজার থেকে ৫০০ কোটি টাকা তুলবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি)। মেয়াদ শেষে বন্ডটি পুরোপুরি অবসায়িত হবে।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গতকাল বুধবার এ বন্ডের অনুমোদন দিয়েছে। বিএসইসির সভা শেষে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিএসইসি জানিয়েছে, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এ বন্ড বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, বিমা কোম্পানি, করপোরেট প্রতিষ্ঠান ও উচ্চ সম্পদশালী ব্যক্তির কাছে বিক্রি করা হবে। এ কারণে বন্ডের প্রতিটি ইউনিটের দাম নির্ধারণ করা হয়েছে এক কোটি টাকা।

বন্ডের মাধ্যমে সংগ্রহ করা অর্থ ব্যাংকটি তাদের মূলধন শক্তিশালী করার পাশাপাশি ঋণ বিতরণ, বিভিন্ন সিকিউরিটিজে বিনিয়োগ ও ব্যবসায়িক কাজে ব্যয় করবে। ব্যাংকটির এ বন্ড অলটারনেটিভ ট্রেডিং বোর্ড বা এটিবিতে তালিকাভুক্ত করার শর্তারোপ করেছে বিএসইসি।