আইপিডিসি ফাইন্যান্সের মুনাফা বেড়েছে ২৫%

আইপিডিসি ফিন্যান্স লিমিটেড এক্সিকিউটিভ (ফিন্যান্স ও অ্যাকাউন্টস)

আইপিডিসি ফাইন্যান্স পিএলসির মুনাফা বেড়েছে। ২০২৫ সালে কোম্পানিটির নিট মুনাফা গত বছরের একই সময়ের তুলনায় ২৫ দশমিক ৩৯ শতাংশ বেড়ে ৪৫ কোটি ৫০ লাখ টাকায় পৌঁছেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলমান অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যেও এই অর্জন আইপিডিসির ব্যবসায়িক মডেলের স্থিতিশীলতার পরিচায়ক। শেয়ারহোল্ডারদের প্রতি অঙ্গীকার বজায় রেখে পরিচালনা পর্ষদ ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে, এর মধ্যে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক। বিনিয়োগ আয়, সুদ আয় বৃদ্ধি, বহুমুখী কৌশলগত পোর্টফোলিও ও নিয়ন্ত্রিত ব্যয় ব্যবস্থাপনার কল্যাণে তাদের এই মুনাফা বৃদ্ধি।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে শেয়ারপ্রতি আয় বেড়েছে ১ টাকা ১১ পয়সা। গত বছরের একই সময়ের তুলনায় মোট সুদ আয় ৮ দশমিক ৫০ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৯৫৬ কোটি টাকা। অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যেও আগের বছরের তুলনায় কোম্পানির পরিচালন আয় ৭ দশমিক ৪৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩৪৮ কোটি ৪০ লাখ টাকা হয়েছে। বিনিয়োগ আয় বেড়েছে ৯৩ দশমিক ২৯ শতাংশ।

এ প্রসঙ্গে আইপিডিসির ব্যবস্থাপনা পরিচালক রিজওয়ান দাউদ সামস বলেন, ‘২০২৫ সালে আমরা পরিকল্পিত বাস্তবায়ন ও কৌশলগত স্থিতিশীলতায় বাড়তি মনোযোগ দিয়েছি। চ্যালেঞ্জিং অর্থনৈতিক পরিবেশেও বিভিন্ন পণ্যের মাধ্যমে আয়ের উৎস বৃদ্ধি করা হয়েছে এবং ব্যয় নিয়ন্ত্রণ করে আয়ভিত্তি আরও শক্তিশালী করা হয়েছে। পোর্টফোলিওর মান, দক্ষ মূলধন ব্যবহার ও ঝুঁকি ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দিয়ে আমরা টেকসই মুনাফা অর্জন করেছি। ফলে ব্যালান্স শিট আরও শক্তিশালী হয়েছে। দায়িত্বশীল প্রবৃদ্ধি ও আর্থিক স্থিতিশীলতার মাধ্যমে আমরা দীর্ঘ মেয়াদে শেয়ারহোল্ডারদের রিটার্ন বাড়াতে কাজ করব।’