বছরের প্রথম ছয় মাসে মুনাফা বেড়েছে গ্রামীণফোনের
চলতি বছরের প্রথম ছয় মাসে মুঠোফোন কোম্পানি গ্রামীণফোনের নিট মুনাফা বেড়েছে। জানুয়ারি-জুন সময়ে গ্রামীণফোনের শেয়ারপ্রতি আয় হয়েছে ১৪ টাকা ৬২ পয়সা, আগের বছরের একই সময়ে যা ছিল ১২ টাকা ৮২ পয়সা।
দ্বিতীয় প্রান্তিক অর্থাৎ এপ্রিল-জুন সময়ে গ্রামীণফোনের শেয়ারপ্রতি আয় হয়েছে ৮ টাকা ৮৪ পয়সা, আগের বছরের একই প্রান্তিকে যা ছিল ৬ টাকা ৮২ পয়সা।
তবে মুনাফা বৃদ্ধির কারণে গ্রামীণ ফোনের নিট অপারেটিং ক্যাশ ফ্লো বা পরিচালনগত অর্থের প্রবাহ কমেছে। কারণ, মুনাফা বৃদ্ধির কারণে তাদের আয়কর বেশি দিতে হয়েছে। মুনাফা বৃদ্ধির কারণে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য বেড়েছে।
নিয়ন্ত্রক সংস্থার কাছে দাখিল করা এক বিবরণীতে এসব তথ্য জানিয়েছে গ্রামীণফোন।
এ বছরের প্রথম ছয় মাসে শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো ছিল ২০ টাকা ১৫ পয়সা, আগের বছরের একই সময়ে যা ছিল ২৩ টাকা ৬১ পয়সা।এ ছাড়া চলতি বছরের ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ৩৯ টাকা ৩৪ পয়সা, ২০২২ সালের ৩১ ডিসেম্বর যা ছিল ৩৪ টাকা ২২ পয়সা।