দুই দিনে রানারের শেয়ারের দাম বাড়ল সাড়ে ১৮%

শেয়ারবাজারপ্রতীকী ছবি

শেয়ারবাজারে তালিকাভুক্ত অটোমোবাইল খাতের কোম্পানি রানার অটোমোবাইলসের শেয়ারের দাম দুই দিনে ৬ টাকার বেশি বা প্রায় সাড়ে ১৮ শতাংশ বেড়েছে। পাশাপাশি হঠাৎই কোম্পানিটির শেয়ার লেনদেনের শীর্ষে দশে জায়গা করে নিয়েছে।

কোম্পানিটি গত মঙ্গলবার জানিয়েছে, চীনের বিওয়াইডির তৈরি বৈদ্যুতিক গাড়ি বা ইভি বাংলাদেশে সংযোজন করবে রানার অটোমোবাইলস। এ জন্য সম্প্রতি দুই প্রতিষ্ঠানের মধ্যে চুক্তিও সই হয়েছে। এই খবরে গত দুই দিনে শেয়ারবাজারে রানার অটোমোবাইলের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ যেন হঠাৎই বেড়ে গেছে। তাতে বাজারে কোম্পানিটির শেয়ারের দাম যেমন বেড়েছে, তেমনি বেড়েছে শেয়ারের লেনদেনও।

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের তথ্য অনুযায়ী, ঈদের ছুটির আগে ১৬ মার্চ শেষ কার্যদিবসে ঢাকার বাজারে রানার অটোমোবাইলের প্রতিটি শেয়ারের দাম ছিল ৩৪ টাকা ১০ পয়সা। আজ বুধবার দিন শেষে সেই দাম বেড়ে দাঁড়িয়েছে ৪০ টাকা ৪০ পয়সায়। সেই হিসাবে দুই দিনে কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ৬ টাকা ৩০ পয়সা। এর মধ্যে আজ এই শেয়ারের দাম বেড়েছে ২ টাকা ৯০ পয়সা বা পৌনে ৮ শতাংশ। এদিন ঢাকার বাজারে লেনদেনের দিক থেকে ১০ম অবস্থানে ছিল কোম্পানিটি। আজ কোম্পানিটির প্রায় ১১ কোটি টাকার সমমূল্যের শেয়ারের হাতবদল হয়।

গত মঙ্গলবার রানার জানায়, বাংলাদেশের বাজারের জন্য চীনের সুপরিচিত ব্র্যান্ড বিওয়াইডির বৈদ্যুতিক গাড়ি সংযোজন ও সরবরাহ করবে রানার অটোমোবাইলস। এ জন্য বিওয়াইডি অটো ইন্ডাস্ট্রি কোম্পানির সঙ্গে চুক্তি করেছে রানার। ২০ মার্চ রানারের পর্ষদ সভায় বিওয়াইডির সঙ্গে একটি ‘মাস্টার সাপ্লাই অ্যান্ড ম্যানুফ্যাকচার’ (প্রধান সরবরাহ ও উৎপাদন) চুক্তি অনুমোদন করা হয়। এই সংবাদের পরই মঙ্গলবার কোম্পানিটির শেয়ারদর ৯ দশমিক ৯৭ শতাংশ বেড়েছিল।

কোম্পানি–সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২৪ সালের মার্চ থেকে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে বৈদ্যুতিক গাড়ি (ইভি) বিক্রি শুরু করে বিওয়াইডি। তখন থেকে বিওয়াইডির পরিবেশক সিজি-রানার বাংলাদেশ লিমিটেড। এটি রানার গ্রুপের একটি প্রতিষ্ঠান। গত প্রায় দুই বছরে বাংলাদেশে ৬০০টির বেশি বিওয়াইডির বৈদ্যুতিক গাড়ি বিক্রি করেছে তারা। এসব গাড়ির দাম ৩৯ থেকে ৬৫ লাখ টাকা। কোম্পানিটির কর্মকর্তারা আরও জানান, বর্তমানে দেশে বছরে ৩০ থেকে ৩৫ হাজার গাড়ি বিক্রি হয়। আগামী কয়েক বছরের মধ্যে এই গাড়ির বড় অংশ দখল করে নেবে বৈদ্যুতিক গাড়ি। সেই বাজার ধরতেই দেশে গাড়ি সংযোজনের জন্য বিওয়াইডি কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি করেছে রানার। কারণ, তাতে দাম কিছুটা কমতে পারে।

রয়টার্সের তথ্যানুযায়ী, বিশ্বে শীর্ষস্থানীয় গাড়ি বিক্রির ব্র্যান্ডের তালিকায় বিওয়াইডি রয়েছে। গত বছর ৪৬ লাখ বৈদ্যুতিক গাড়ি বিক্রি করেছে চীনা প্রতিষ্ঠানটি।