আইপিডিসির মুনাফা বেড়েছে ৭৯ শতাংশ
চলতি বছরের প্রথম তিন মাসে আইপিডিসি ফাইন্যান্সের মুনাফা প্রায় ৩ কোটি টাকা বা ৭৯ শতাংশ বেড়েছে। গত জানুয়ারি–মার্চ শেষে প্রতিষ্ঠানটির মুনাফা বেড়ে দাঁড়িয়েছে ৬ কোটি ৫২ লাখ টাকায়।
গত বছরের একই সময়ে প্রতিষ্ঠানটির মুনাফা ছিল ৩ কোটি ৬৫ লাখ টাকা। গত রোববার আইপিডিসির পরিচালনা পর্ষদের সভায় চলতি বছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করা হয়।
আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত জানুয়ারি–মার্চে কোম্পানিটি ঋণের সুদ বাবদ আয় করেছে ২৪৩ কোটি টাকা। গত বছরের একই সময়ের যার পরিমাণ ছিল ২২৯ কোটি টাকা। সে হিসাবে ঋণের সুদ বাবদ আয় বেড়েছে ১৪ কোটি টাকা। ঋণের সুদ থেকে আয় যতটা বেড়েছে, আমানতের সুদ ব্যয় ততটা বাড়েনি। চলতি বছরের প্রথম তিন মাসে প্রতিষ্ঠানটির আমানতের সুদ বাবদ খরচ হয় ১৮৪ কোটি টাকা। গত বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১৮১ কোটি টাকা।
সুদের আয় যতটা বেড়েছে, প্রতিষ্ঠানটির মুনাফা ততটা বাড়েনি। কারণ, ঋণের সঞ্চিতি বাবদ খরচ উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে। চলতি বছরের প্রথম তিন মাসে আইপিডিসিকে নিরাপত্তা সঞ্চিতি রাখতে হয়েছে ৪৭ কোটি টাকা। গত বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ২১ কোটি টাকা।