যমুনা অয়েল ও ফারইস্ট নিটিংয়ের ক্রেডিট রেটিং প্রকাশ, আরামিটে রিসিভার নিয়োগ
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত জ্বালানি খাতের কোম্পানি যমুনা অয়েল লিমিটেড ও বস্ত্র খাতের ফারইস্ট নিটিং অ্যান্ড ডায়িং লিমিটেডের সর্বশেষ ক্রেডিট রেটিং মান প্রকাশ করা হয়েছে।
আজ মঙ্গলবার ডিএসইর এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিনিয়োগকারীদের এই তথ্য জানানো হয়েছে।
এদিকে সপ্তাহের তৃতীয় কার্যদিবস আজ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে চলছে লেনদেন। আজ বেলা সোয়া দুইটা পর্যন্ত ৫৯৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।
দীর্ঘমেয়াদে ‘এএ+’ পেল যমুনা অয়েল
ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল) যমুনা অয়েলকে দীর্ঘ মেয়াদে ‘এএ+’ ও স্বল্প মেয়াদে ‘এসটি–১’ রেটিং দিয়েছে। গত বছরের ৩০ জুন পর্যন্ত সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও ২০২৫–২৬ অর্থবছরের প্রথম ছয় মাসের (জুলাই–ডিসেম্বর) অনিরীক্ষিত আর্থিক বিবরণীর তথ্যের আলোকে এই রেটিং করা হয়।
সর্বশেষ ক্রেডিট রেটিংয়ে যমুনা অয়েলের ভবিষ্যৎ আর্থিক পরিস্থিতির পূর্বাভাস ‘স্থিতিশীল’ বা ‘স্ট্যাবল’ বলে উল্লেখ করেছে ইসিআরএল।
স্বল্প মেয়াদে এসটি–২ রেটিং ফারইস্ট নিটিংয়ের
অন্যদিকে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস (সিআরআইএসএল) ফারইস্ট নিটিং অ্যান্ড ডায়িংকে দীর্ঘ মেয়াদে ‘এএ’ ও স্বল্প মেয়াদে ‘এসটি–২’ রেটিং দিয়েছে।
গত বছরের ৩০ জুন পর্যন্ত সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও গত বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক বিবরণীর তথ্যের আলোকে এই রেটিং করা হয়। সর্বশেষ ক্রেডিট রেটিংয়ে কোম্পানিটির রেটিং আউটলুক রাখা হয়েছে ‘ডেভেলপিং’ বা ‘উন্নয়নশীল’।
শেয়ারবাজার–সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ক্রেডিট রেটিংয়ে বোঝা যায়, কোম্পানির ঋণ পরিশোধের সক্ষমতা ও আর্থিক স্থিতিশীলতা কেমন। ‘এএ+’ বা ‘এএ’ রেটিংয়ের অর্থ হলো, কোম্পানিগুলোর আর্থিক ভিত্তি শক্তিশালী ও বিনিয়োগের ঝুঁকি তুলনামূলক কম।
আরামিট লিমিটেডে রিসিভার নিয়োগ
শেয়ারবাজারে তালিকাভুক্ত আরামিট লিমিটেডের নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনায় পরিবর্তন এসেছে। কোম্পানিটির সম্পদ ও সম্পত্তি রক্ষায় ‘রিসিভার’ বা তত্ত্বাবধায়ক নিয়োগ দেওয়া হয়েছে। ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের নির্দেশনায় এই নিয়োগ কার্যকর করা হয়েছে বলে কোম্পানি সূত্রে জানা গেছে।
এরপর আজ ডিএসইর মাধ্যমে বিনিয়োগকারীদের এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আদালতের নির্দেশে আরামিট লিমিটেডের সম্পত্তি ও সম্পদের যথাযথ নিয়ন্ত্রণ, ব্যবস্থাপনা, তত্ত্বাবধান ও সুরক্ষার লক্ষ্যে একজন রিসিভার নিয়োগ করা হয়েছে। রিসিভার ইতিমধ্যে কোম্পানির দায়িত্বভার গ্রহণ করেছেন।
এদিকে সপ্তাহের তৃতীয় কার্যদিবস আজ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে চলছে লেনদেন। বেলা সোয়া দুইটা পর্যন্ত তিনটি সূচকেই ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে।
এ সময়ে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স সূচক ৩৪ দশমিক ৩৪ পয়েন্ট বেড়ে হয়েছে ৫ হাজার ১৫৬ দশমিক ৮৭ পয়েন্ট। ডিএসইএস সূচক ৫ দশমিক ৪৪ পয়েন্ট বেড়ে হয়েছে ১ হাজার ৪৫ দশমিক ৮১ পয়েন্ট। শীর্ষ ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএস৩০ সূচক ১৬ দশমিক ৯২ পয়েন্ট বেড়ে হয়েছে ১ হাজার ৯৭১ দশমিক ৩৭ পয়েন্ট। আজ বেলা সোয়া দুইটা পর্যন্ত ৫৯৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।