প্রথম দেড় ঘণ্টায় লেনদেনের এক চতুর্থাংশই পাঁচ কোম্পানির

শেয়ারবাজারগ্রাফিকস: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার শেয়ারবাজারে আজও ইতিবাচক ধারায় লেনদেন শুরু হয়েছে। দিনের প্রথম দেড় ঘণ্টায় যত লেনদেন হয়েছে, তার সিংহভাগই পাঁচটি কোম্পানির ক্ষেত্রে হয়েছে।
লেনদেনের শীর্ষে আছে সি পার্ল, এই কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ২৪ কোটি ৪৫ লাখ টাকার।

দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে যথাক্রমে রূপালী লাইফ ইন্স্যুরেন্স ও পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের; এই কোম্পানি দুটির শেয়ার লেনদেন হয়েছে ২৪ কোটি ও ২৩ কোটি ৮০ লাখ টাকার। চতুর্থ ও পঞ্চম স্থানে আছে যথাক্রমে মেঘনা লাইফ ও ফারইস্ট লাইফের; তাদের লেনদেন হয়েছে যথাক্রমে ২৩ ও ১৩ কোটি টাকার শেয়ার।

দিনের প্রথম দেড় ঘণ্টায় আজ মোট ৪০৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, এর মধ্যে শীর্ষ পাঁচটি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ১০৮ কোটি টাকার শেয়ার, অর্থাৎ প্রায় ২৭ শতাংশ।  

এ ছাড়া শীর্ষ লেনদেনের তালিকায় প্রথম পাঁচটি কোম্পানির মধ্যে তিনটি বিমা খাতের।
আজও বিমা কোম্পানির শেয়ারের মূল্যবৃদ্ধির কারণে দিনের প্রথম ঘণ্টায় তিনটি সূচকেরই উত্থান ঘটে। তবে অবশ্য প্রধান সূচক ডিএসইএক্সের কিছুটা পতন হয়-২ দশমিক ২৯ পয়েন্ট; এ ছাড়া ডিএসইএস সূচকের উত্থান হয়েছে শূন্য দশমিক ২৯ পয়েন্ট ১ দশমিক ৯ পয়েন্ট ও ডিএস ৩০ সূচকের উত্থান হয়েছে ১ দশমিক ২৪ পয়েন্ট।

সম্প্রতি শেয়ারবাজারে লেনদেনের বড় অংশজুড়েই আছে বিমা খাতের শেয়ারের আধিপত্য। সেই সুযোগে এ খাতের কিছু কোম্পানির শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বাড়ছে। বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বিমা কোম্পানিগুলো সাধারণত স্বল্প মূলধনি হওয়ায় এসব কোম্পানির শেয়ার নিয়ে কারসাজি করা সহজ।

আর আইপিও শেয়ারের ক্ষেত্রে কারসাজির সুযোগ আরও বেশি। তালিকাভুক্তির শুরুতে কারসাজিকারকেরা বড় অঙ্কের শেয়ার কিনে নেন। এরপর দাম বাড়াতে শুরু করেন। দাম বাড়তে থাকলে অনেকে শেয়ার বিক্রি না করে ধরে রাখেন। ফলে প্রতিদিন অল্প কিছু শেয়ারের হাতবদলের পরও সর্বোচ্চ মূল্যবৃদ্ধি হচ্ছে।