এটিবিতে লংকাবাংলা সিকিউরিটিজের বড় অঙ্কের শেয়ারের হাতবদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেয়ারবাজার
গ্রাফিকস: প্রথম আলো

শেয়ারবাজারে বিকল্প লেনদেন বোর্ড বা অলটারনেটিভ ট্রেডিং বোর্ডে (এটিবি) গতকাল সোমবার সর্বোচ্চ লেনদেন হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) নতুন চালু হওয়া এটিবিতে ৩৬ কোটি টাকার লেনদেন হয়েছে। পুরো লেনদেনই ছিল একটি কোম্পানির, আর সেটি ছিল লংকাবাংলা সিকিউরিটিজ। গতকাল এটিবিতে কোম্পানিটির ১ কোটি ৭০ লাখ শেয়ারের হাতবদল হয়।

৪ জানুয়ারি ডিএসইতে এটিবি চালু হয়। প্রথম দিন থেকে এ বোর্ডে তালিকাভুক্ত হয়েছে দুটি প্রতিষ্ঠান। তার মধ্যে একটি হলো ব্রোকারেজ হাউস লংকাবাংলা সিকিউরিটিজ, অপরটি প্রাণ অ্যাগ্রো লিমিটেডের বন্ড। তবে শুরু থেকে এখন পর্যন্ত এটিবিতে প্রাণ অ্যাগ্রো বন্ডের কোনো লেনদেন হয়নি। কারণ, বন্ডটির পুরোটাই রয়েছে বহুজাতিক বিমা কোম্পানি মেটলাইফ বাংলাদেশের হাতে।

নিয়ম অনুযায়ী, এটিবিতে তালিকাভুক্তির পর ৩০ কার্যদিবসের মধ্যে ১০ শতাংশ বা প্রায় আড়াই কোটি শেয়ারবাজারে ছাড়ার কথা লংকাবাংলা সিকিউরিটিজের। এর মধ্যে গতকাল এক দিনেই প্রতিষ্ঠানটি ১ কোটি ৭০ লাখ শেয়ার বিক্রি করা হয়। প্রতিটি শেয়ার ২১ টাকা ২০ পয়সায় বিক্রি করেছে প্রতিষ্ঠানটি। তার আগে গত কয়েক দিনেও কিছু কিছু শেয়ার বিক্রি করা হয়েছিল। সব মিলিয়ে এখনো কোম্পানিটির হাতে ৯৮ লাখ শেয়ার বিক্রির জন্য রয়েছে।

এদিকে তালিকাভুক্তির পর গত কয়েক দিনে এটিবিতে লংকাবাংলা সিকিউরিটিজের প্রতিটি শেয়ারের দাম ৪২ শতাংশ বা ৬ টাকা ৩০ পয়সা বেড়েছে। প্রথম দিন এটির শেয়ারের লেনদেন শুরু হয় ১৪ টাকা ৯০ পয়সায়। গতকাল তা বেড়ে হয়েছে ২১ টাকা ২০ পয়সা।