শেয়ারবাজারে লেনদেনের সময় কমছে ৩০ মিনিট

শেয়ারবাজারপ্রতীকী ছবি

দেশের শেয়ারবাজারে আগামীকাল রোববার থেকে লেনদেনের সময় ৩০ মিনিট কমছে। আগামীকাল সকাল ১০টায় মূল লেনদেন শুরু হয়ে একটানা তা চলবে বেলা ১টা ৫৫ মিনিট পর্যন্ত। এরপর ৫ মিনিট পোস্ট ক্লোজিং বা লেনদেন সমাপনী কার্যক্রম চলবে। আর চূড়ান্তভাবে লেনদেন শেষ হবে বেলা ২টায়। ফলে শেয়ারবাজারে লেনদেনের সময় কিছুটা কমছে আগামীকাল থেকে।

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) কর্তৃপক্ষ আজ শনিবার আলাদা আলাদা বিজ্ঞপ্তিতে লেনদেন কমানোর এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। সর্বশেষ গত বৃহস্পতিবার পর্যন্ত শেয়ারবাজারের লেনদেন চলেছিল সকাল ১০টা থেকে একটানা বেলা আড়াইটা পর্যন্ত। এর মধ্যে সকাল ১০টা থেকে বেলা ২টা ২০ মিনিট পর্যন্ত ছিল মূল লেনদেন। আর ২টা ২০ মিনিট থেকে আড়াইটা পর্যন্ত ১০ মিনিট ছিল পোস্ট ক্লোজিং লেনদেন। আগামীকাল থেকে মূল লেনদেন সময় ২৫ মিনিট ও পোস্ট ক্লোজিং সময় ৫ মিনিট কমছে।

স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারি–বেসরকারি অফিসের নতুন সময়সূচির সঙ্গে সংগতি রেখে শেয়ারবাজারেও লেনদেনের সময়সূচিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। এর আগে আজ শনিবার নতুন লেনদেনের সময় ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক। তাতে ব্যাংক লেনদেনের সময়সূচি নির্ধারণ করা হয় সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত। সেই সময়ের সঙ্গে মিল রেখে শেয়ারবাজারেও লেনদেনের সময় সমন্বয় করা হয়। সেই সঙ্গে শেয়ারবাজারের অফিসসূচিও পরিবর্তন করে নির্ধারণ করা হয়েছে সবাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।