অক্টোবরে শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগ কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত অক্টোবরে বিদেশি বিনিয়োগ আগের মাসের চেয়ে কমে গেছে। অক্টোবর শেষে ডিএসইতে প্রকৃত বিদেশি বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১৯৬ কোটি টাকা। সেপ্টেম্বরে যার পরিমাণ ছিল প্রায় ৪২৬ কোটি টাকা। সেই হিসাবে আগের মাসের চেয়ে গত মাসে প্রকৃত বিদেশি বিনিয়োগ ২৩০ কোটি টাকা কমে গেছে।
ডিএসই সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, অক্টোবরে বিদেশি বিনিয়োগকারীরা ঢাকার বাজারে ৪১০ কোটি টাকার শেয়ার লেনদেন করেছেন। এর মধ্যে প্রায় ৩০৩ কোটি টাকার শেয়ার কিনেছেন তাঁরা। আর একই সময়ে বিক্রি করেছেন ১০৭ কোটি টাকার শেয়ার।
সেপ্টেম্বরে ডিএসইতে ৭৫৩ কোটি টাকার বিদেশি লেনদেন হয়েছে। এর মধ্যে ৫৯০ কোটি টাকার শেয়ার কেনেন বিদেশি বিনিয়োগকারীরা। তার বিপরীতে বিক্রি করেন ১৬৩ কোটি টাকার শেয়ার।
বাংলাদেশে বিদেশি বিনিয়োগ নিয়ে কাজ করেন এ রকম একাধিক ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাজারের সাম্প্রতিক উত্থানের ফলে বিদেশি বিনিয়োগকারীরা কিছুটা ধীরে চলো বা বাজার পর্যবেক্ষণ অবস্থানে ছিলেন। এ কারণে অক্টোবরে প্রকৃত বিদেশি বিনিয়োগ কমেছে। তবে সংশ্লিষ্ট ব্যক্তিরা এটাও বলেছেন, দু-এক মাসের বিদেশি বিনিয়োগের তথ্য দিয়ে এ বিষয়ে কোনো মন্তব্য করা ঠিক হবে না। কারণ, বিদেশি বিনিয়োগকারীরা দীর্ঘ সময় ধরে ধীরে ধীরে বিনিয়োগ এবং বিক্রির ক্ষেত্রে একই পন্থা অবলম্বন করেন।
জানতে চাইলে ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) খালেদ ইউসুফ ফারাজী প্রথম আলোকে বলেন, ‘এখনো বাংলাদেশের শেয়ারবাজার নিয়ে বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে যথেষ্ট আগ্রহ রয়েছে। শেয়ারে বিনিয়োগ ও বিক্রির ক্ষেত্রে বিদেশিরা হুটহাট কোনো সিদ্ধান্ত নেন না। তাঁরা দীর্ঘমেয়াদি বিনিয়োগ করেন। তবে আমাদের বাজারে বিদেশি বিনিয়োগ ঘোরাফেরা করে ৩০ থেকে ৪০ কোম্পানির মধ্যে। কারণ, বিদেশি বিনিয়োগের উপযোগী শেয়ার এখানে কম।’
এদিকে, অক্টোবরে ডিএসইতে লেনদেন হয়েছে মাত্র ১৬ দিন। এ সময়ে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স সর্বনিম্ন পাঁচ হাজার ১০০ থেকে পাঁচ হাজার ৩৩৪ পয়েন্টের মধ্যে ওঠানামা করে। সাপ্তাহিক, ঈদ ও পূজার ছুটি মিলিয়ে অক্টোবরের শুরুতে নয় দিন শেয়ারবাজারে লেনদেন বন্ধ ছিল। গত আগস্টের শেষ দিকে এসে সূচক বাড়তে শুরু করে। সেপ্টেম্বর মাসজুড়ে সূচকের এ ধারা অব্যাহত ছিল। এর ফলে ডিএসইএক্স পাঁচ হাজার পয়েন্ট ছাড়িয়ে যায়।
সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই ও আগস্ট) ডিএসইতে প্রকৃত বিদেশি বিনিয়োগের পরিমাণ ছিল যথাক্রমে প্রায় ৮০ কোটি ও সাড়ে ১২ কোটি টাকা। এর ফলে অর্থবছরের চার মাসে (জুলাই-অক্টোবর) প্রকৃত বিদেশি বিনিয়োগের মোট পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৭১৪ কোটি ৫০ লাখ টাকা।