অক্টোবর মাসে মূল্যস্ফীতি বেড়েছে
অক্টোবর মাসে সামান্য বেড়েছে সার্বিক মূল্যস্ফীতি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ হিসাব অনুযায়ী গত অক্টোবর মাসে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে সার্বিক মূল্যস্ফীতি হয়েছে ৫ দশমিক ৫৭ শতাংশ। গত সেপ্টেম্বরে এ হার ছিল ৫ দশমিক ৫৩ শতাংশ।
আজ বৃহস্পতিবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের এ তথ্য দেন। শেরেবাংলা নগরের পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলনকক্ষে একনেক সভা অনুষ্ঠিত হয়।
পরিকল্পনামন্ত্রী বলেন, চাল, চিনি, লবণ, তেল, দুধ, শাকসবজির দাম গত মাসে কিছুটা বেড়েছে। এর প্রভাব পড়েছে মূল্যস্ফীতির ওপর।
বিবিএসের তথ্য অনুযায়ী, অক্টোবরে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কিছুটা বেড়ে ৫ দশমিক ৫৬ শতাংশ হয়েছে। আগের মাসে এ হার ছিল ৫ দশমিক ১০ শতাংশ। অন্যদিকে খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি সেপ্টেম্বর মাসে কিছুটা কমেছে। দাঁড়িয়েছে ৫ দশমিক ৫৮ শতাংশে। সেপ্টেম্বর মাসে এ হার ছিল ৬ দশমিক ৫৮ শতাংশ।