অধিকারমূলক বা রাইট শেয়ার ছেড়ে নয়টি কোম্পানি শেয়ারবাজার থেকে প্রায় দুই হাজার কোটি টাকা মূলধন সংগ্রহ করেছে। সদ্য বিদায়ী ২০১৪ সালে শেয়ারবাজার থেকে এ অর্থ সংগ্রহ করা হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্যানুযায়ী, গত বছর প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর মাধ্যমে ১৭ কোম্পানি শেয়ারবাজার থেকে প্রায় এক হাজার কোটি টাকা সংগ্রহ করেছে। সেই হিসাবে নতুন কোম্পানির চেয়ে পুরোনো তালিকাভুক্ত কোম্পানিগুলো বাজার থেকে বেশি মূলধন সংগ্রহ করেছে, যার পরিমাণ আইপিওর চেয়ে দ্বিগুণ। আগের বছর অর্থাৎ ২০১৩ সালে ছয়টি কোম্পানি অধিকারমূলক শেয়ার ছেড়ে মাত্র ১৮০ কোটি টাকা সংগ্রহ করে।
ডিএসইর তথ্য অনুযায়ী, ২০১৪ সালে যে নয়টি কোম্পানি অধিকারমূলক শেয়ার ছেড়েছে সেগুলো হলো আরামিট সিমেন্ট, বিআইএফসি, ব্র্যাক ব্যাংক, ডেল্টা স্পিনার্স, ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক, জেনারেশন নেক্সট, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি), মাইডাস ফিন্যান্স এবং রূপালী লাইফ ইনস্যুরেন্স।
এদের মধ্যে আইসিবি এককভাবেই প্রায় ১ হাজার ৫৫ কোটি টাকা মূলধন সংগ্রহ করেছে। এর মধ্যে ২৮৫ কোটি টাকা জোগান দিয়েছে সরকার। কোম্পানিটি মোট ২ কোটি ১০ লাখ অধিকারমূলক শেয়ার ছেড়ে বাজার থেকে এ অর্থ সংগ্রহ করা হয়।
অধিকারমূলক শেয়ার ছেড়ে দ্বিতীয় সর্বোচ্চ মূলধন সংগ্রহ করেছে ব্র্যাক ব্যাংক। প্রতিষ্ঠানটি ২২ কোটি ১৬ লাখ শেয়ার ছেড়ে প্রায় ৪৪৩ কোটি টাকা সংগ্রহ করে। এ ছাড়া ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক প্রায় ২০৬ কোটি, জেনারেশন নেক্সট ১১২ কোটি, ডেল্টা স্পিনার্স প্রায় ৯২ কোটি, মাইডাস ফিন্যান্স ৬০ কোটি, রূপালী লাইফ ইনস্যুরেন্স ৩৬ কোটি, বিআইএফসি ৩৪ কোটি এবং আরামিট সিমেন্ট প্রায় ২৫ কোটি টাকা সংগ্রহ করেছে।
এদের মধ্যে আরামিট সিমেন্ট, ব্র্যাক ব্যাংক, আইসিবি ও রূপালী লাইফ ইনস্যুরেন্সের শেয়ারের অভিহিত মূল্যের সঙ্গে অধিমূল্য বা প্রিমিয়াম ছিল। বাকি কোম্পানিগুলো অভিহিত মূল্যে নতুন শেয়ার বিক্রি করে মূলধন তুলেছে।