অনলাইন লেনদেনে জোর দিচ্ছে সিএসই
কঠোর বিধিনিষেধের মধ্যে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের ঘরে বসে লেনদেনের সুবিধা দিতে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) ডিজিটাল লেনদেনে জোর দিচ্ছে। তারই অংশ হিসেবে ‘চিত্রা’ নামের মোবাইল অ্যাপস ও অনলাইন মাধ্যমে লেনদেনকে উৎসাহিত করছে স্টক এক্সচেঞ্জটি। ফলে সিএসইর সদস্যভুক্ত বিভিন্ন ব্রোকারেজ হাউসের বিনিয়োগকারীরা চাইলে ঘরে বসে অনলাইনে লেনদেনে অংশ নিতে পারবেন। সিএসইর পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
সিএসই জানিয়েছে, স্টক এক্সচেঞ্জটির সদস্যভুক্ত ব্রোকারেজ হাউসের বিনিয়োগকারীরা তাদের নিজ নিজ ব্রোকারের মাধ্যমে রেজিস্ট্রেশনের পর ‘বাংলাদেশ স্টক মার্কেট ডটকম’ ব্যবহার করে লেনদেনে অংশ নিতে পারবেন। এর বাইরে গুগল প্লে স্টোর থেকে চিত্রা অ্যাপস ডাউনলোড করে তার মাধ্যমেও অনলাইনে লেনদেনে অংশ নিতে পারবেন বিনিয়োগকারীরা।
করোনার সংক্রমণ ঠেকাতে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধের মধ্যে সীমিত পরিসরে ব্যাংক ও শেয়ারবাজারে লেনদেন চলছে। কঠোর বিধিনিষেধের মধ্যে শেয়ারবাজারের লেনদেনসংক্রান্ত পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির গত ৩০ জুনের আদেশে বলা হয়, ডিজিটাল পদ্ধতিতে শেয়ারবাজারে লেনদেন চলবে।