
শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি শাশা ডেনিমসের শেয়ারের দাম এক মাসে প্রায় দ্বিগুণ হয়ে গেছে। গত ১৭ অক্টোবর প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ছিল ৩৬ টাকা ৭০ পয়সা। এক মাসের ব্যবধানে গতকাল বুধবার দিন শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ৬৩ টাকায়।
হঠাৎ করে কোম্পানিটির টানা এই দরবৃদ্ধির পেছনে মূল্য সংবেদনশীল কোনো তথ্য রয়েছে কি? ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত তথ্য থেকে জানা গেছে, গত ২৪ অক্টোবর প্রতিষ্ঠানটি তাদের জুলাই-সেপ্টেম্বর ২০১৬ প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। তাতে কোম্পানিটির প্রতি শেয়ারে আয় বা ইপিএস দেখানো হয়েছে ১ টাকা ১০ পয়সা। আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল ১ টাকা ৫ পয়সা। অর্থাৎ আগের বছরের চেয়ে এ বছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে কোম্পানিটির ইপিএস ৫ পয়সা বেড়েছে।
মাত্র ৫ পয়সা ইপিএস বৃদ্ধিতে কি কোম্পানিটির শেয়ারের দাম দ্বিগুণ হয়ে যাবে? বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সেটি বাস্তবসম্মত নয়। এ কারণে ১৫ নভেম্বর কোম্পানিটির কাছে অস্বাভাবিক দরবৃদ্ধির কারণ জানতে চেয়ে চিঠি পাঠায় ডিএসই। তাতে শেয়ারের দামে প্রভাব ফেলতে পারে এমন অপ্রকাশিত কোনো মূল্য সংবেদনশীল তথ্য কোম্পানির কাছে রয়েছে কি না, জানতে চাওয়া হয়।
ডিএসইর চিঠির জবাবে গতকাল শাশা ডেনিমস কর্তৃপক্ষ জানিয়েছে, দামের ওপর প্রভাব ফেলতে পারে এমন অপ্রকাশিত মূল্য সংবেদনশীল কোনো তথ্য কোম্পানির কাছে নেই। তবে কোম্পানিটি এ-ও জানিয়েছে, বাগেরহাটে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপনের একটি দরপত্রে অংশ নিয়েছে শাশা ডেনিমসের সহযোগী প্রতিষ্ঠান এনার্জিস পাওয়ার করপোরেশন। আরও প্রতিষ্ঠান মিলে একটি কনসোর্টিয়ামের আওতায় এই দরপত্রে অংশ নেয় এনার্জিস পাওয়ার। কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন কর্তৃপক্ষের (বিপিডিবি) কাছ থেকে এ-সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি। অর্থাৎ বিদ্যুৎ প্রকল্পের বিষয়ে কোম্পানিটি এখনো অনুমতি পায়নি।
ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ডিইপিজেড) অবস্থিত বস্ত্র খাতের এ কোম্পানি পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদের পারিবারিক প্রতিষ্ঠান। বর্তমানে এটির চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন আনিসুল ইসলামের স্ত্রী পারভীন মাহমুদ এবং ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে আছেন ছেলে শামস মাহমুদ।
এদিকে বাজারসংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, শাশা ডেনিমসের সহযোগী প্রতিষ্ঠান বড় বিদ্যুৎ প্রকল্পের অনুমোদন পাচ্ছে—এ খবরেই কোম্পানিটির শেয়ারের দাম বাড়তে শুরু করে। যদিও অনুমোদন পাওয়ার পরও প্রকল্পটি শুরু ও বাস্তবায়নের পর এটি থেকে আর্থিকভাবে লাভের মুখ দেখার বিষয়টি বেশ সময়সাপেক্ষ। অথচ বিদ্যুৎকেন্দ্রের অনুমোদন পাবে সেই খবরেই হু হু করে বেড়ে চলেছে এটির দাম। আর এ অবস্থাকে তাই বাজারসংশ্লিষ্ট ব্যক্তিদের অনেকে ‘গাছে কাঁঠাল গোঁফে তেল’ অবস্থার সঙ্গে তুলনা করেছেন। এখনো বিদ্যুৎকেন্দ্রের অনুমোদনই নিশ্চিত নায়, অথচ শেয়ারের দামে তার বিপুল প্রতিক্রিয়া।
ঢাকার বাজারে গতকাল দিন শেষে লেনদেনের শীর্ষে উঠে আসে শাশা ডেনিমস। এদিন এককভাবে কোম্পানিটির প্রায় ২৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়, যা ডিএসইর মোট লেনদেনের প্রায় ৪ শতাংশ। দিন শেষে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম বেড়েছে ৩ টাকা ৬০ পয়সা বা ৬ শতাংশ।
নাম প্রকাশ না করার শর্তে একটি মার্চেন্ট ব্যাংকের শীর্ষ কর্মকর্তা বলেন, বিদ্যুৎ প্রকল্প পাচ্ছে—এ খবরকে পুঁজি করেই কোম্পানিটির শেয়ারের অস্বাভাবিক দরবৃদ্ধির ঘটনা ঘটেছে। বিনিয়োগকারীদের একটি অংশ নিজেদের স্বার্থেই খবরটিকে বড় করে তুলেছে। অথচ বিদ্যুৎকেন্দ্রের অনুমোদন পেলেও সেটির আর্থিক সুফল পেতেও কয়েক বছর সময় লাগবে। তার আগে সাময়িকভাবে দাম বাড়াতে একটি চক্র খবরটিকে পুঁজি করেছে।
ঢাকার বাজারে গতকাল লেনদেন আগের দিনের চেয়ে ৪০ কোটি টাকা কমলেও প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ১২ পয়েন্ট বেড়েছে। একই অবস্থা ছিল চট্টগ্রামের বাজারেও।