অবকাঠামো নির্মাণকাজের সঙ্গে যুক্ত কোম্পানি মীর আকতার হোসেন লিমিটেডের শেয়ারের দর নির্ধারণে প্রাতিষ্ঠানিক দর প্রস্তাব কার্যক্রম শুরু হয়েছে। গতকাল রোববার থেকে দর প্রস্তাব প্রক্রিয়া শুরু হয়। কোম্পানিটি বুক বিল্ডিং পদ্ধতিতে শেয়ার ছেড়ে ১২৫ কোটি টাকা মূলধন সংগ্রহ করতে চায়। এ জন্য গতকাল থেকে শুরু হওয়া দর–নির্ধারণী কার্যক্রম চলবে আগামী বুধবার পর্যন্ত।
দেশের অবকাঠামো খাতের প্রথম কোম্পানি হিসেবে এটি শেয়ারবাজারে আসছে। কোম্পানিটি দেশের বড় বড় অবকাঠামো নির্মাণ প্রকল্পের সঙ্গে যুক্ত রয়েছে। এটির ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে রয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন
এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির হোসেন। তিনি গতকাল বলেন, ‘দেশের অবকাঠামো খাতের প্রথম কোম্পানি হিসেবে অর্ধশত বছরের পুরোনো এ কোম্পানিকে আমরা শেয়ারবাজারে তালিকাভুক্ত করার উদ্যোগ নিয়েছি। এটি সফল হলে ভবিষ্যতে আরও কয়েকটি কোম্পানিকে বাজারে আনার পরিকল্পনা রয়েছে।’
মীর আকতার হোসেন লিমিটেড বর্তমানে সরকারের প্রায় পাঁচ হাজার কোটি টাকার অবকাঠামো খাতের প্রকল্প বাস্তবায়নের সঙ্গে যুক্ত রয়েছে। শেয়ারবাজার থেকে কোম্পানিটি যে পুঁজি সংগ্রহ করবে, তার একটি বড় অংশ খরচ করা হবে ভারী যন্ত্রপাতি কেনায়।
মীর নাসির হোসেন বলেন, ‘প্রথম একটি কোম্পানি আমরা শেয়ারবাজারে নিয়ে আসছি। তাই বিনিয়োগকারীরা যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হন, সেই চেষ্টা করব আমরা।’