অবশেষে সূচক বাড়ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা আট কার্যদিবস পর গতকাল সোমবার দেশের শেয়ারবাজারে সূচক বেড়েছে। তবে লেনদেনের নিম্নমুখী ধারা অব্যাহত রয়েছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স এদিন প্রায় ২০ পয়েন্ট বেড়েছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক বেড়েছে প্রায় ৫৩ পয়েন্ট।
এদিকে আয় কমে যাওয়ায় গতকাল রাষ্ট্রমালিকানাধীন কোম্পানি তিতাস গ্যাসের শেয়ারের বেশ দরপতন ঘটেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী গত বছরের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বা ইপিএস কমে নেমে এসেছে মাত্র ৩২ পয়সায়, যা আগের বছরের একই সময়ে ছিল ২ টাকা ১৬ পয়সা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে এই কোম্পানির ইপিএস কমেছে ১ টাকা ৮৪ পয়সা। একইভাবে গত জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ছয় মাসে কোম্পানিটির ইপিএস কমে ১ টাকা ৮৯ পয়সায় নেমে গেছে, যা আগের বছর একই সময়ে ছিল ৪ টাকা ২৫ পয়সা।
আয় কমে যাওয়ার খবরে গতকাল ডিএসইতে তিতাসের প্রতিটি শেয়ারের দাম ৫ শতাংশ বা ২ টাকা ৩০ পয়সা কমে দাঁড়িয়েছে ৪২ টাকা ৮০ পয়সায়। গত এক বছরের মধ্যে এটাই কোম্পানিটির শেয়ারের সর্বনিম্ন দাম। গত বছরের ফেব্রুয়ারিতে তিতাসের প্রতিটি শেয়ারের বাজারমূল্য ছিল ৭৮ টাকা।
বাজারসংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, জ্বালানি খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নির্দেশে গত বছরের সেপ্টেম্বর থেকে তিতাস গ্যাসের সঞ্চালন মার্জিন কমানো হয়। যে কারণে কোম্পানিটির আয়ে বড় ধরনের ধাক্কা লাগে। এর প্রভাব গিয়ে পড়ে বাজারে শেয়ারের দামের ওপর। গত নভেম্বর থেকে কোম্পানিটির শেয়ারের দাম ক্রমাগত কমতে কমতে ৭৩ টাকা থেকে ৫০ টাকার নিচে নেমে আসে।
এদিকে ঢাকার বাজারে গতকাল লেনদেন আগের দিনের চেয়ে ৪ কোটি টাকা কমে ৩৯৩ কোটি টাকায় নেমে এসেছে। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১৬৫টির, কমেছে ১০৭টির আর অপরিবর্তিত ছিল ৪৮টির। দিন শেষে ডিএসইর প্রধান সূচক বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৫৬০ পয়েন্টে।
সিএসইতে এদিন লেনদেন হওয়া ২৩৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১১৮টির, কমেছে ৮৭টির আর অপরিবর্তিত ছিল ৩১টির। দিন শেষে লেনদেনের পরিমাণ দাঁড়ায় প্রায় ৩০ কোটি টাকায়, যা আগের দিনের চেয়ে ২৯ লাখ টাকা কম।