অভিযুক্তের পক্ষে ডিএসইর দুই কর্মকর্তার সাফাই সাক্ষ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৯৬ সালের শেয়ারবাজার কেলেঙ্কারি মামলায় অভিযুক্ত শহীদুল হকের পক্ষে সাফাই সাক্ষ্য দিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক ও বর্তমান দুই কর্মকর্তা। তাঁরা হলেন ডিএসইর বর্তমান সচিব শেখ মোহাম্মদ উল্লাহ ও সাবেক জ্যেষ্ঠ সহকারী সচিব আলী আজগর। পুঁজিবাজার-সংক্রান্ত মামলা নিষ্পত্তিতে গঠিত বিশেষ ট্রাইব্যুনালে গতকাল বুধবার তাঁরা এ সাফাই সাক্ষ্য দেন।
’৯৬ সালে শেয়ারবাজার কেলেঙ্কারির সময়ে চিটাগাং সিমেন্ট অ্যান্ড ক্লিংকার কোম্পানির (বর্তমানে হাইডেলবার্গ সিমেন্ট) শেয়ার নিয়ে কারসাজির কারণে দায়ের হওয়া এই মামলায় শহীদুল হক ছাড়াও অভিযুক্ত অপর দুজন হলেন ডিএসইর সাবেক সভাপতি রকিবুর রহমান এবং টি কে গ্রুপের চেয়ারম্যান ও শিল্পপতি আবু তৈয়ব। এ তিনজনের বিরুদ্ধে মামলাটি করে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
শহীদুল হক ও রকিবুর রহমানের বিষয়ে মামলার অভিযোগে বলা হয়, এ দুজন ডিএসইর সদস্যভুক্ত ব্রোকারেজ হাউসের মালিক হয়েও অবৈধভাবে চিটাগাং সিমেন্টের পরিচালক পদে ছিলেন। কারণ স্টক এক্সচেঞ্জের সদস্য হয়ে তালিকাভুক্ত কোম্পানির পরিচালক পদে থাকা নিয়ে বিএসইসির নিষেধাজ্ঞা ছিল। মামলার অভিযোগে আরও বলা হয়, কোম্পানিটির একজন পরিচালক ঘোষণা ছাড়াই কোম্পানির উল্লেখযোগ্য শেয়ার বিক্রি করেছেন।
এদিকে সাফাই সাক্ষী দিতে এসে ডিএসইর সাবেক ও বর্তমান দুই কর্মকর্তা আদালতকে জানিয়েছেন, যথাযথ নিয়মকানুন ও আইন অনুসরণ করে শহীদুল হক তাঁর ব্রোকারেজ হাউসের মালিকানা স্ত্রীর নামে স্থানান্তর করেন। ব্রোকারেজ হাউসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে তিনি চিটাগাং সিমেন্টের পরিচালক পদে ছিলেন।
জানতে চাইলে ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের আইনজীবী মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘দুজন সাফাই সাক্ষী শহীদুল হকের পক্ষে সাক্ষ্য দিয়েছেন। এ সময় তাঁরা অভিযুক্তের সপক্ষে কিছু কাগজপত্র আদালতের কাছে উপস্থাপন করেন। আদালতকে তাঁরা বলেছেন, নিয়মকানুন মেনেই শহীদুল হক তাঁর স্ত্রীর নামে ব্রোকারেজ হাউসের মালিকানা স্থানান্তর করেছেন। তবে রাষ্ট্রপক্ষ থেকে আমরা তার বিরোধিতা করেছি।’
এর আগে ৪ অক্টোবর এ মামলায় সাক্ষ্য দিতে এসে হাইডেলবার্গ সিমেন্টের কোম্পানি সচিব মোস্তাফিজুর রহমান আদালতে প্রয়োজনীয় কিছু কাগজপত্র উপস্থাপন করেন। তাতে বলা হয়, ১৯৯৭ সালের ১৯ মার্চ অভিযুক্ত রকিবুর রহমান চিটাগাং সিমেন্টের পরিচালক পদ থেকে পদত্যাগ করেন। ওই দিন কোম্পানির ১১৯তম পর্ষদ সভায় তাঁর পদত্যাগপত্র গৃহীত হয়।
ট্রাইব্যুনালে নিযুক্ত বিএসইসির আইনজীবী মাসুদ রানা জানান, আলোচিত এই মামলার পরবর্তী কার্যক্রমের দিন ধার্য করা হয়েছে ২১ অক্টোবর। ইতিমধ্যে এ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। এখন আদালতে যুক্তিতর্ক উপস্থাপিত হবে।
১৯৯৬ সালের শেয়ারবাজার কেলেঙ্কারির ঘটনায় মোট ১৫টি মামলা হয়েছিল। বিএসইসির পক্ষ থেকে এসব মামলা করা হয়।