
শেয়ারবাজারে তালিকাভুক্ত ১৯টি কোম্পানির শেয়ার এখন অভিহিত মূল্য বা ফেসভ্যালুর কমে লেনদেন হচ্ছে। আর মিউচুয়াল ফান্ডকে হিসাবে ধরলে এ সংখ্যা হবে ৪৯। সর্বশেষ গত বৃহস্পতিবারের লেনদেনের পর এ তথ্য পাওয়া গেছে।
বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, সাম্প্রতিক সময়ে একসঙ্গে এত অধিক সংখ্যক কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের দাম অভিহিত মূল্যের নিচে ছিল না। ২০১০ সালে শেয়ারবাজার ধসের পরও এ অবস্থা তৈরি হয়নি।
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য অনুযায়ী, শুধু তালিকাভুক্ত কোম্পানিগুলোর ১৯টির শেয়ারের দাম এখন ১০ টাকার নিচে। এর মধ্যে ব্যাংক খাতের পাঁচটি, খাদ্য খাতের পাঁচটি, বস্ত্র খাতের চারটি, ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান খাতের দুটি, ওষুধ ও রসায়ন খাতের দুটি, ভ্রমণ ও অবকাশ খাতের একটি কোম্পানি।
এ ছাড়া ডিএসইতে তালিকাভুক্ত ৪১টি মিউচুয়াল ফান্ডের মধ্যে ৭১ শতাংশ বা ২৯টির ইউনিটের দাম এখন অভিহিত মূল্যের নিচে।
কোম্পানি ও মিউচুয়াল ফান্ড মিলিয়ে ডিএসইতে মোট ৩৩১টি প্রতিষ্ঠান তালিকাভুক্ত। এর মধ্যে কোম্পানির সংখ্যা ২৩০টি। সেই হিসাবে বাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে সাড়ে ১৪ শতাংশেরই দাম এখন অভিহিত মূল্যের নিচে। মিউচুয়াল ফান্ড বাদে শুধু কোম্পানি বিবেচনায় নিলে সাড়ে ৬ শতাংশের বেশি কোম্পানির শেয়ারের দাম ১০ টাকার নিচে রয়েছে। বর্তমানে শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিটি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের অভিহিত মূল্য ১০ টাকা।
২০১০ সালে শেয়ারবাজারে ধসের পর নানা সংস্কার ও নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) পুনর্গঠন কার্যক্রম সম্পন্ন হলেও ক্রমাগত দরপতনের ফলে এ পরিস্থিতি তৈরি হয়েছে। এসব কিছুতেও শেয়ারবাজারে আস্থা রাখতে পারছেন না বিনিয়োগকারীরা।
জানতে চাইলে ডিএসইর পরিচালক শাকিল রিজভী বলেন, একসঙ্গে প্রায় অর্ধশত কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের দাম অভিহিত মূল্যের নিচে নেমে আসাটা এক ধরনের অস্বাভাবিকতার লক্ষণ। বাজারের ওপর বিনিয়োগকারীদের আস্থাহীনতার কারণে ক্রমাগত দরপতনে এ অবস্থা তৈরি হয়েছে।
১৯৮৭ সাল থেকে শেয়ারবাজারের সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট ডিএসইর এ পরিচালক জানান, ১৫-২০ বছরের মধ্যে একসঙ্গে এতগুলো কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের দাম অভিহিত মূল্যের নিচে নেমে আসার ঘটনা ঘটেনি। তবে ১৫-২০ বছর আগে বাজারে এত কোম্পানি ছিল না বলেও তিনি জানান।
এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক ও ইকোনমিক রিসার্চ গ্রুপের (ইআরজি) নির্বাহী পরিচালক মোহাম্মদ হেলালউদ্দিন বলেন, কোম্পানিগুলো বিনিয়োগকারীদের যথাযথ প্রত্যাশা পূরণ করতে পারছে না। সে জন্য এগুলোর দাম এত নিচে নেমে গেছে। তার মানে কোম্পানিগুলোকে তালিকাভুক্তির অনুমোদন দেওয়ার ক্ষেত্রে সঠিক বাছ বিচার করা হয়নি।
ব্যাংক খাতের যে পাঁচটি কোম্পানির শেয়ার বর্তমানে অভিহিত মূল্যের নিচে লেনদেন হচ্ছে (বৃহস্পতিবারের হিসাব) সেগুলো হলো এক্সিম ব্যাংক (৯ টাকা ৮০ পয়সা), ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক (৮ টাকা ৮০ পয়সা), আইসিবি ইসলামী ব্যাংক (৩ টাকা ৯০ পয়সা), ন্যাশনাল ব্যাংক (৯ টাকা ৯০ পয়সা) এবং প্রিমিয়ার ব্যাংক (৮ টাকা ৪০ পয়সা)।
এর বাইরে ১০ থেকে ১২ টাকার মধ্যে রয়েছে আরও পাঁচটি ব্যাংকের শেয়ারের দাম। সেই হিসাবে ডিএসইতে তালিকাভুক্ত ৩০টি ব্যাংকের মধ্যে ১০টিরই দাম এখন অভিহিত মূল্যের নিচে বা কাছাকাছি।
খাদ্য খাতের ১৮টি কোম্পানির মধ্যে যে পাঁচটির দাম অভিহিত মূল্যের নিচে নেমে এসেছে সেগুলো হলো ফাইন ফুডস (৯ টাকা ৬০ পয়সা), মেঘনা কনডেন্সড মিল্ক (৭ টাকা ১০ পয়সা), মেঘনা পেট (৫ টাকা ৫০ পয়সা), শ্যামপুর সুগার (৬ টাকা ৫০ পয়সা) ও ঝিলবাংলা (৬ টাকা ৭০ পয়সা)।
ডিএসইর তথ্য অনুযায়ী, ছয় মাস আগেও ফাইন ফুডসের শেয়ারপ্রতি দাম ছিল ১৭ টাকার বেশি। আর মেঘনা কনডেন্সড মিল্ক, মেঘনা পেট, শ্যামপুর সুগার ও ঝিলবাংলার প্রতিটি শেয়ারের দাম ছিল যথাক্রমে ৮ টাকা ৮০ পয়সা, ৭ টাকা ৩০ পয়সা, ১২ টাকা ৩০ পয়সা ও ৯ টাকা ৬০ পয়সা।
এ ছাড়া আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে মাইডাস ফাইন্যান্সিং ও প্রিমিয়ার লিজিং; বস্ত্র খাতের দুলামিয়া কটন, ম্যাকসন ও মেট্রো স্পিনিং; সোনারগাঁও টেক্সটাইল, ভ্রমণ ও অবকাশ খাতের ইউনাইটেড এয়ারওয়েজ এবং খাদ্য খাতের বেক্স সিনথেটিক ও ইমাম বাটনের শেয়ার ১০ টাকার নিচে লেনদেন হচ্ছে।