অর্থবছরের প্রথম দিনে শেয়ারবাজার নিম্নমুখী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৫-১৬ অর্থবছরের প্রথম দিন আজ বৃহস্পতিবার দেশের শেয়ারবাজারে নিম্নমুখী প্রবণতা লক্ষ করা গেছে। আজ লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জে সূচক কমেছে।

গতকাল ১ জুলাই বুধবার ছিল ব্যাংক হলিডে। ব্যাংক বন্ধ থাকায় শেয়ারবাজারের কার্যক্রমও বন্ধ ছিল। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন আগের দিন মঙ্গলবারের চেয়ে কমেছে। তবে অপর স্টক এক্সচেঞ্জ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স মঙ্গলবারের চেয়ে ১০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৫৭২ পয়েন্টে। ডিএসইর পাশাপাশি সিএসইতেও সূচক কমেছে। আজ সিএসইর সার্বিক মূল্যসূচক আগের দিনের চেয়ে ৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৯০ পয়েন্টে। মঙ্গলবার ডিএসইর ডিএসইএক্স সূচক বেড়েছিল ৫১ পয়েন্ট। আর সিএসইর সার্বিক মূল্যসূচক বেড়েছিল ১৮০ পয়েন্ট।

ডিএসইতে আজ ৩১২টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৪০টির দাম বেড়েছে। কমেছে ১২৪টির আর অপরিবর্তিত রয়েছে ৪৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। আজ ডিএসইতে ৫০৪ কোটি টাকার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৮৬ কোটি টাকা কম। মঙ্গলবার এই স্টক এক্সচেঞ্জে ৫৯০ কোটি টাকার লেনদেন হয়।

অন্যদিকে সিএসইতে ২৪৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১০৩টির দাম বেড়েছে। কমেছে ৯৯টির আর অপরিবর্তিত রয়েছে ৪১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। আজ সিএসইতে ৫২ কোটি টাকার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ১৩ কোটি টাকা বেশি। মঙ্গলবার সিএসইতে ৩৯ কোটি টাকা লেনদেন হয়েছিল।

ডিএসইতে এদিন লেনদেনে শীর্ষ অবস্থানে রয়েছে অলিম্পিক অ্যাকসেসরিজ। আজ এ প্রতিষ্ঠানটির ৩১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ ছাড়া লেনদেনে শীর্ষে থাকা অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ইউনাইটেড এয়ার, বেক্সিমকো, অ্যাপোলো ইস্পাত, ইউনাইটেড পাওয়ার জেনারেশন কোম্পানি, গ্রামীণ ফোন, বেক্সিমকো ফার্মা, কেপিসিএল, ইফাদ অটোস, ফার কেমিক্যাল প্রভৃতি।