অর্থবছরের প্রথম লেনদেনে সূচক পতন
নতুন ২০১৫-১৬ অর্থবছরের প্রথম লেনদেন দিবসেই গতকাল বৃহস্পতিবার হোঁচট খেয়েছে দেশের শেয়ারবাজার। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) মূল্যসূচক কমেছে।
এদিন প্রধান শেয়ারবাজার ডিএসইতে সূচক পতনের পাশাপাশি লেনদেনও আগের কার্যদিবস মঙ্গলবারের চেয়ে কমেছে। তবে অপর শেয়ারবাজার সিএসইতে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের লেনদেন দিবসের চেয়ে ১০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৫৭২ পয়েন্টে। আর সিএসইর সার্বিক মূল্যসূচক আগের দিনের চেয়ে ৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৯০ পয়েন্টে।
এর আগে মঙ্গলবার ডিএসইএক্স সূচক ৫১ পয়েন্ট বেড়েছিল। আর সিএসইর সার্বিক মূল্যসূচক বেড়েছিল ১৮০ পয়েন্ট।
ডিএসইতে গতকাল ৩১২টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে আগের চেয়ে শেয়ারের দাম বেড়েছে ১৪০টির, কমেছে ১২৪টির আর অপরিবর্তিত রয়েছে ৪৮টি প্রতিষ্ঠানের।
ডিএসইতে এদিন মোট ৫০৪ কোটি টাকার লেনদেন হয়েছে, যা মঙ্গলবারের চেয়ে ৮৬ কোটি টাকা কম। মঙ্গলবার এই স্টক এক্সচেঞ্জে ৫৯০ কোটি টাকার লেনদেন হয়।
অন্যদিকে সিএসইতে গতকাল ২৪৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে আগের তুলনায় শেয়ারের দাম বেড়েছে ১০৩টির, কমেছে ৯৯টির আর অপরিবর্তিত রয়েছে ৪১টি প্রতিষ্ঠানের। এই বাজারে মোট লেনদেন হয়েছে ৫২ কোটি টাকার, যা আগের দিনের চেয়ে ১৩ কোটি টাকা বেশি। মঙ্গলবার সিএসইতে ৩৯ কোটি টাকা লেনদেন হয়েছিল।
ডিএসইতে এদিন লেনদেনের শীর্ষ ছিল অলিম্পিক অ্যাক্সেসরিজ। প্রতিষ্ঠানটির ৩১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।
স্টাইলক্রাফটের লভ্যাংশ ঘোষণা: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি স্টাইলক্রাফট লিমিটেড ৬০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। গত ৩১ মার্চ শেষ হওয়া অর্থবছরের বিপরীতে এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। গত বুধবার অনুষ্ঠিত প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়, যা গতকাল ডিএসইর ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
স্টাইলক্রাফট জানায়, তাদের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ২৭ আগস্ট। আর রেকর্ড ডেট ৩০ জুলাই। গত ৩১ মার্চ পর্যন্ত তাদের শেয়ারপ্রতি আয় বা ইপিএস হয়েছে ৬২ টাকা ৫৭ পয়সা।