অর্থমন্ত্রীর ঘোষণায় পতন ঠেকল শেয়ারবাজারে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজারে মূল্যসূচক ও লেনদেন দুই-ই বেড়েছে। গতকালের আগ পর্যন্ত অনেক দিন ধরেই শেয়ারবাজারে দরপতন হচ্ছিল। পুঁজিবাজারে ব্যাংকের বিনিয়োগের সীমা সমন্বয়ের সময় আরও দুই বছর বাড়ানো হবে—রোববার অর্থমন্ত্রীর এমন মন্তব্যের কারণেই গতকাল বাজারে ইতিবাচক প্রভাব পড়েছে বলে বিশ্লেষকেরা মনে করছেন।
২০১৩ সালে ব্যাংক কোম্পানি আইন সংশোধন করে পুঁজিবাজারে ব্যাংকের বিনিয়োগসীমা পরিশোধিত মূলধনের ২৫ শতাংশের মধ্যে নামিয়ে আনতে আগামী বছরের জুন পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়।
অর্থমন্ত্রী রোববার সাংবাদিকদের জানান, এ সময়সীমা আরও দুই বছর বাড়ানো হবে। এ জন্য আইন সংশোধনের প্রস্তাব উপস্থাপন করা হচ্ছে মন্ত্রিসভায়।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল ৭৫ শতাংশ কোম্পানির দর বেড়েছে। লেনদেন হয়েছে ৪১৫ কোটি ৬৪ লাখ টাকার সিকিউরিটিজ। আগের দিন রোববারের তুলনায় লেনদেন ৮৭ শতাংশ বা ১৯৩ কোটি ৭৯ লাখ টাকা বেশি হয়েছে। রোববার এই বাজারে লেনদেন হয়েছিল ২২১ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার।
শেয়ারবাজার নিয়ে কাজ করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক মোহাম্মদ হেলাল প্রথম আলোকে বলেন, ব্যাংকের বিনিয়োগসীমা নিয়ে অর্থমন্ত্রীর বক্তব্যের কারণেই গতকালের বাজারে ইতিবাচক প্রভাব পড়েছে। বাজার নিয়ে সরকারের আরও কিছু পদক্ষেপ নেওয়ার আছে বলেও তিনি মনে করেন।
ডিএসইতে গতকাল লেনদেন হয় ৩১৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের। এর মধ্যে দর বেড়েছে ২৩৮টির, কমেছে ৪৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির কোম্পানির। ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৫১ দশমিক ৬০ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪৭৫ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইএস বা শরিয়াহ সূচক বেড়েছে ১৩ দশমিক ১০ পয়েন্ট, দাঁড়িয়েছে ১ হাজার ৭৮ পয়েন্টে। আর ডিএস-৩০ সূচক ১২ দশমিক ৯৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬৯৯ পয়েন্টে।
টাকার পরিমাণে ডিএসইতে শেয়ারের লেনদেন হওয়া শীর্ষ ১০ কোম্পানি হচ্ছে ইফাদ অটোস, বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো), কেডিএস অ্যাকসেসরিজ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, সাইফ পাওয়ারটেক, তিতাস গ্যাস, স্কয়ার ফার্মা, কাশেম ড্রাইসেলস, শাহজিবাজার পাওয়ার কোম্পানি ও বেক্সিমকো ফার্মা।
এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গতকাল ২৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন সিএসইর সার্বিক সূচক ১৩৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৬৫৮ পয়েন্টে।
এদিন সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে শেয়ার দর বেড়েছে ১৭৪টির, কমেছে ৪০টি এবং অপরিবর্তিত রয়েছে ২০টি কোম্পানির।
এদিকে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ব্যাংক কোম্পানি আইন সংশোধনের কোনো কাজ এখনো শুরু হয়নি। অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) যৌথভাবে বৈঠক করে এ বিষয়ে শিগগির একটি খসড়া দাঁড় করাবে।
আজ দুই কোম্পানির পর্ষদ সভা: অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও জেমিনি সি ফুডের পরিচালনা পর্ষদের সভা আজ মঙ্গলবার অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। বেলা তিনটায় অনুষ্ঠেয় অলটেক্সের পর্ষদ সভায় কোম্পানিটির ৩০ জুন ২০১৫ সমাপ্ত হিসাব বছরের এবং ৩টা ৫০ মিনিটে অনুষ্ঠেয় জেমিনি সি ফুডের পর্ষদ সভায় ৩০ সেপ্টেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন নিয়ে আলোচনা হবে।