অর্ধযুগ পর সর্বোচ্চ লেনদেন দিয়ে অর্থবছরের বিদায়
ছয় বছরের ব্যবধানে সদ্য বিদায়ী ২০১৬-১৭ অর্থবছরের শেষ কার্যদিবসে সর্বোচ্চ লেনদেন হয়েছে শেয়ারবাজারে। গত ২৯ জুন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৮০১ কোটি টাকার শেয়ারের হাতবদল হয়েছে।
এর আগে সর্বশেষ ২০১০-১১ অর্থবছরের শেষ কার্যদিবস অর্থাৎ ২০১১ সালের ৩০ জুন সর্বোচ্চ ৯৫৫ কোটি টাকার লেনদেন হয় শেয়ারবাজারে। এরপর গত বৃহস্পতিবার অর্থবছরের শেষ কার্যদিবসে লেনদেন ৮০০ কোটি টাকা ছাড়িয়েছে।
২০১৫-১৬ অর্থবছরের শেষ কার্যদিবসে অর্থাৎ ২০১৬ সালের ৩০ জুন ঢাকার বাজারে লেনদেনের পরিমাণ ছিল ৩৭৭ কোটি টাকা। এ ছাড়া ২০১৪-১৫, ২০১৩-১৪, ২০১২-১৩, ২০১১-১২ এবং ২০১০-১১ অর্থবছরের শেষ কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল যথাক্রমে ৫৯০, ৩৮৭, ৫৬৮, ৩০০ এবং ৯৫৫ কোটি টাকা।
সাধারণ বাজারের পাশাপাশি জুনের শেষ দিকে এসে ‘ব্লক মার্কেটে’ লেনদেনের পরিমাণ বেড়ে যায়। বৃহস্পতিবার ডিএসইর ব্লক মার্কেটে ৩০ কোটি টাকার শেয়ারের হাতবদল হয়।
সাধারণ বাজারের চেয়ে ব্লক মার্কেটের মধ্যে তফাত হলো, ব্লক মার্কেটে ক্রেতা-বিক্রেতা আগে থেকেই ঠিক করা থাকে। এমনকি ক্রেতা-বিক্রেতা মিলে শেয়ারের দামও আগে থেকে ঠিক করে নেন।
ব্লক মার্কেটে লেনদেন বেড়ে যাওয়া সম্পর্কে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, জুন মাসে আর্থিক বছর শেষে প্রতিষ্ঠানের আয় বা মুনাফা বাড়িয়ে দেখাতে প্রাতিষ্ঠানিক অনেক বিনিয়োগকারী নিজেদের মধ্যে শেয়ারের হাতবদলের কৌশল নেয়।
শেয়ারবাজার বিশ্লেষকেরা বলছেন, ঐতিহাসিকভাবে জুন মাসের শেষের দিকে এসে অর্থাৎ অর্থবছর শেষ হওয়ার আগে আগে শেয়ারবাজারে লেনদেন কিছুটা বাড়ে। শেয়ারবাজারে বিনিয়োগ করে কর অব্যাহতি সুবিধা নিতে এ সময় অনেকে বাজারের প্রতি আগ্রহী হয়ে ওঠেন। এ কারণে লেনদেনে কিছুটা গতি সঞ্চার হয়।
জানতে চাইলে বেসরকারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বাণিজ্য অনুষদের শিক্ষক মোহাম্মদ মুসা বলেন, শেয়ারবাজারে বিনিয়োগ দেখিয়ে কর অব্যাহতি সুবিধা নিতে ব্যক্তিশ্রেণির বড় বড় অনেক বিনিয়োগকারী বাজারের প্রতি আগ্রহী হন। প্রাতিষ্ঠানিক বিনিয়োগও বাড়ে। এ ছাড়া রমজানের শেষের দিকে বিক্রির চাপ কমে। ফলে জুনের শেষে লেনদেনে কিছুটা গতি দেখা যায়।
মোহাম্মদ মুসা আরও বলেন, ব্যাংক এবং ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান বাদে শেয়ারবাজারে তালিকাভুক্ত বেশির ভাগ কোম্পানির আর্থিক বছর শেষ হয় জুনে। এরপর আর্থিক নিরীক্ষা শেষে কোম্পানিগুলো শেয়ারধারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে। এ কারণেও ভালো লভ্যাংশের আশায় অনেকে ভালো মানের কিছু কিছু কোম্পানিতে বিনিয়োগ করেন।
এদিকে সাম্প্রতিক সময়ে শেয়ারবাজারে খাতভিত্তিক লেনদেনে আধিপত্য বিস্তার করছে বস্ত্র খাত। সরকার নতুন বাজেটে (২০১৭-১৮ অর্থবছর) পোশাক খাতের করপোরেট কর হার কমিয়েছে। এ খাতের সবুজ কারখানার জন্য করপোরেট কর হার করা হয়েছে ১০ শতাংশ। আর সবুজ কারখানার বাইরে অন্যান্য কারখানার জন্য এ হার সাড়ে ১২ শতাংশ। বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বাজেটে পোশাক খাতের করপোরেট কর হার কমানোর ঘোষণার পর থেকে এ খাতের কোম্পানিগুলোর শেয়ারের দামের বেশ ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে। পাশাপাশি লেনদেনেও এ খাতের আধিপত্য বেড়েছে।
গত ২৮ ও ২৯ জুন ঈদ-পরবর্তী দুই কার্যদিবসে মূল্যবৃদ্ধিতেও একক আধিপত্য ছিল বস্ত্র খাতের। ২৯ জুন শেষ কার্যদিবসে মূল্যবৃদ্ধির শীর্ষ ৫ কোম্পানির মধ্যে ৪টিই ছিল বস্ত্র খাতের। এগুলো হলো সিএনএ টেক্সটাইল, ডেলটা স্পিনিং, ফ্যামিলিটেক্স ও জেনারেশন নেক্সট। কোম্পানি চারটির শেয়ারের দাম এদিন সর্বনিম্ন সোয়া ৬ থেকে সর্বোচ্চ ৮ শতাংশ পর্যন্ত বেড়েছে।
শেষ কার্যদিবসে লেনদেন চিত্র
তারিখ পরিমাণ
২৯-০৬-২০১৭ ৮০১
৩০-০৬-২০১৬ ৩৭৭
৩০-০৬-২০১৫ ৫৯০
৩০-০৬-২০১৪ ৩৮৭
৩০-০৬-২০১৩ ৫৬৮
২৮-০৬-২০১২ ৩০০
৩০-০৬-২০১১ ৯৫৫
* লেনদেনের হিসাব কোটি টাকায় * তারিখগুলো সংশ্লিষ্ট অর্থবছরের শেষ কার্যদিবস