অস্বাভাবিক উত্থানের পরদিনই পতনের শীর্ষে বিবিএস কেব্লস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লেনদেন শুরুর প্রথম দিনে অস্বাভাবিক দরবৃদ্ধির পর দ্বিতীয় দিনেই দরপতনের মুখে পড়েছে নতুন তালিকাভুক্ত কোম্পানি বিবিএস কেবল্‌স। গত সোমবার দেশের শেয়ারবাজারে কোম্পানিটির লেনদেন শুরু হয়।

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার লেনদেনের প্রথম দিনে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ৯ গুণ বেড়েছে। প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওতে ১০ টাকা অভিহিত মূল্য বা ফেসভ্যালুতে বিক্রি হওয়া কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম প্রথম দিনেই ৯০ টাকা ৩০ পয়সায় উঠে যায়।

দ্বিতীয় দিনে এসে গতকাল লেনদেন শেষে ডিএসইতে দর হ্রাস পাওয়া কোম্পানির তালিকার শীর্ষে জায়গা করে নেয় বিবিএস কেবল্‌স। এদিন কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ৭ টাকা ৩০ পয়সা বা প্রায় ৮ শতাংশ কমে নেমে আসে ৮৩ টাকায়।

বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, প্রথম দিনে ১০ টাকার শেয়ারের ৯০ টাকায় দর উঠে যাওয়া ছিল অস্বাভাবিক। আর অস্বাভাবিক দর কখনো স্থায়ী হয় না। তাই দ্বিতীয় দিনে এসে কোম্পানিটিকে দর সংশোধনের মুখে পড়তে হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে একটি ব্রোকারেজ হাউসের শীর্ষ নির্বাহী বলেন, প্রথম লেনদেনের দিনে অস্বাভাবিক দরবৃদ্ধির পেছনে অন্যতম কারণ ছিল কোম্পানির শেয়ারের স্বল্পতা। আইপিওতে কোম্পানিটি মাত্র ২ কোটি শেয়ার বিক্রি করেছে। বিনিয়োগকারীদের কেউ কেউ ভেবেছেন মাত্র ২ কোটি শেয়ারের একটি বড় অংশ কিনে নিলে তাতে বাজারে কোম্পানিটির শেয়ারের সরবরাহ সংকট তৈরি হবে। তাতে অস্বাভাবিক দরবৃদ্ধি ঘটানোর সুযোগ থাকবে। এ কারণে ব্যক্তিশ্রেণির বড় বিনিয়োগকারীদের কেউ কেউ প্রথম দিনে চড়া দামে শেয়ার সংগ্রহ করে নেন।

তালিকাভুক্তির প্রথম দিনে ঢাকার বাজারে লেনদেনের শীর্ষে থাকলেও দ্বিতীয় দিনে এসে সেটি ১৪তম অবস্থানে নেমে আসে। এদিন ডিএসইতে কোম্পানিটির প্রায় ১৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।

এদিকে গতকাল মঙ্গলবার দিন শেষে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে মূল্যসূচক বেড়েছে। এর মধ্যে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্সে নতুন রেকর্ড উচ্চতায় উঠেছে। এদিন ডিএসইএক্স সূচকটি ১৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৮৭৬ পয়েন্টে। ২০১৩ সালের ২৭ জানুয়ারি চালু হওয়ার পর এটিই ডিএসইএক্সের সর্বোচ্চ অবস্থান।

দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচকটি গতকাল ৭৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ২২১ পয়েন্টে। দুই বাজারে সূচক বাড়লেও লেনদেনে ছিল ভিন্ন ভিন্ন অবস্থা। ডিএসইতে লেনদেন বাড়লেও কমেছে চট্টগ্রামের বাজারে।

মার্চেন্ট ব্যাংক আইডিএলসি ইনভেস্টমেন্টসের গতকালের প্রতিবেদনে বাজার পরিস্থিতি সম্পর্কে বলা হয়েছে, অধিক সংখ্যক বিনিয়োগকারীর অংশগ্রহণে বাজারে সক্রিয় গতি দেখা গেছে। লেনদেনে ছিল ব্যাংক খাতের আধিপত্য। গতকাল ঢাকার বাজারের লেনদেনের ৩০ শতাংশই ছিল ব্যাংক খাতের।

ঢাকার বাজারে গতকাল দিন শেষে লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ২৩৭ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ৭১ কোটি টাকা বেশি। ডিএসইতে গতকালের লেনদেনের ক্ষেত্রে উল্লেখযোগ্য দিক ছিল ব্লক মার্কেটের লেনদেন।

ব্লক মার্কেটে গতকাল ২৫ কোম্পানির প্রায় ১৬৬ কোটি টাকার লেনদেন হয়। তার মধ্যে মাত্র তিন কোম্পানিরই লেনদেনের পরিমাণ ছিল ১৬৩ কোটি টাকা। কোম্পানি তিনটি হলো রহিমা ফুড, সোস্যাল ইসলামী ব্যাংক এবং ব্র্যাক ব্যাংক। এর মধ্যে এককভাবে দুর্বল মৌলভিত্তির ‘জেড’ শ্রেণিভুক্ত রহিমাফুডের ৭১ কোটি টাকার লেনদেন হয়। কোম্পানিটির মোট ২ কোটি শেয়ারের মধ্যে গতকাল ব্লক মার্কেটে হাতবদল হয় প্রায় ৪০ লাখ ৪০ হাজার শেয়ারের। এ ছাড়া ব্লক মার্কেটে সোস্যাল ইসলামী ব্যাংকের ৫১ কোটি এবং ব্র্যাক ব্যাংকের প্রায় ৪১ কোটি টাকার শেয়ারের হাতবদল ঘটে।

সাধারণ বাজারের চেয়ে ব্লক মার্কেটের মধ্যে তফাত হলো, ব্লক মার্কেটে ক্রেতা-বিক্রেতা আগে থেকেই ঠিক করা থাকে। এমনকি ক্রেতা-বিক্রেতা মিলে শেয়ারের দামও আগে থেকে ঠিক করে নেন।

চট্টগ্রামের বাজারে গতকাল দিন শেষে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৬২ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ২৯ কোটি টাকা কম।