আইডিএলসির রাইট অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকবহির্ভূত আর্থিক খাতের কোম্পানি আইডিএলসি ফিন্যান্সের অধিকারমূলক বা রাইট শেয়ার অনুমোদন করা হয়েছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) গতকাল মঙ্গলবারের সভায় এ অনুমোদন দেওয়া হয়।
একই সভায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ৫০০ কোটি টাকার বন্ডও অনুমোদন করা হয়েছে। পাশাপাশি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্য প্রতিষ্ঠান হ্যাক সিকিউরিটিজকে আইন লঙ্ঘনের দায়ে ২ লাখ টাকা জরিমানা করা হয়। সভা শেষে বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিএসইসি জানিয়েছে, আইডিএলসি ফিন্যান্স তাদের বিদ্যমান দুটি সাধারণ শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার ইস্যু করবে। ১০ টাকা অভিহিত মূল্য বা ফেসভ্যালুর সঙ্গে ১০ টাকা অধিমূল্য বা প্রিমিয়াম যোগ করে প্রতিটি রাইট শেয়ারের বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে ২০ টাকা। রাইট শেয়ার ছেড়ে কোম্পানিটি বাজার থেকে প্রায় ২৫১ কোটি টাকা সংগ্রহ করবে। এ টাকায় কোম্পানিটি নিজেদের মূলধন ভিত্তিকে শক্তিশালী করবে। কোম্পানিটির শেয়ারের ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস।
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সাত বছর মেয়াদি ৫০০ কোটি টাকার অরূপান্তরযোগ্য বন্ড অনুমোদন করা হয়েছে। এ বন্ড শুধু আর্থিক প্রতিষ্ঠান ও উচ্চ সম্পদশালী ব্যক্তির কাছে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বিক্রি করা হবে। এর মাধ্যমে যে অর্থ সংগ্রহ করা হবে তা দিয়ে মূলধন চাহিদা পূরণ করবে ব্যাংকটি। প্রতিটি বন্ডের অভিহিত মূল্য ১ কোটি টাকা। এ ছাড়া হ্যাক সিকিউরিটিজকে ২ লাখ টাকা জরিমানা করেছে বিএসইসি।