শেয়ারবাজার পরিস্থিতি নিয়ে সিএসইর সংবাদ সম্মেলন
আইনি দুর্বলতায় ব্যবস্থা নিতে পারে না স্টক এক্সচেঞ্জ
প্রাথমিক নিয়ন্ত্রক হওয়ার পরও আইনি দুর্বলতায় শেয়ারবাজারের অনেক অনিয়মের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারছে না স্টক এক্সচেঞ্জ। আবার যেসব ক্ষেত্রে আইনগত সুযোগ রয়েছে, সেখানে তদারকি ও প্রায়োগিক দুর্বলতা রয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ সাজিদ হোসেন।
নিয়মিত মাসিক সংবাদ সম্মেলনের অংশ হিসেবে গতকাল সোমবার দুপুরে রাজধানীর মতিঝিলে সিএসইর ঢাকা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মতামত তুলে ধরা হয়।
সাম্প্রতিক সময়ে তথ্য গোপন ও মিথ্যা তথ্য দিয়ে বেশ কয়েকটি কোম্পানি প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও অনুমোদন পেয়েছে। নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের পর সেসব কোম্পানি এরই মধ্যে শেয়ারবাজারে তালিকাভুক্তও হয়েছে।
তথ্য গোপন ও মিথ্যা তথ্য দেওয়ার পরও সেসব কোম্পানি কীভাবে তালিকাভুক্তির অনুমোদন পেল এবং এ ক্ষেত্রে প্রাথমিক নিয়ন্ত্রক হিসেবে স্টক এক্সচেঞ্জ যথাযথ দায়িত্ব পালন করেছে কি? এমন এক প্রশ্নের জবাবে সিএসইর এমডি বলেন, ‘কোনো কোম্পানি অনিয়ম করলে তাকে শাস্তি দেওয়ার আইনগত কোনো ক্ষমতা স্টক এক্সচেঞ্জের নেই। তা ছাড়া আইপিওর বিষয়ে স্টক এক্সচেঞ্জের মতামত প্রদানের ক্ষেত্রেও আইনগত সীমাবদ্ধতা রয়েছে।’
এ প্রসঙ্গে সিএসইর ব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘সমস্যার উৎপত্তি যেখানে, সেখানেই শাস্তির বিধান করতে হবে। তালিকাভুক্ত কোনো কোম্পানি যদি মিথ্যা তথ্য দেয়, সেটি বুঝতে পারলেও তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের ক্ষমতা স্টক এক্সচেঞ্জের নেই। এ কারণে সংশ্লিষ্ট আইন সংশোধনের প্রস্তাব করা হয়েছে। এটি এখন নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের অপেক্ষায় আছে।’
অবশ্য সিকিউরিটিজ আইন অনুযায়ী, তালিকাভুক্ত কোম্পানির নিজস্ব ওয়েবসাইটে কোম্পানিসংক্রান্ত বিভিন্ন তথ্য প্রকাশ করা ও নিয়মিতভাবে ওয়েবসাইট হালনাগাদের সুনির্দিষ্ট বিধান রয়েছে। এসব বিষয়ে তদারকির আইনি ক্ষমতা রয়েছে স্টক এক্সচেঞ্জের। সেই ক্ষমতার ব্যবহার স্টক এক্সচেঞ্জ করেছে কি না, জানতে চাইলে সিএসইর এমডি বলেন, ‘আইনগত ক্ষমতা থাকলেও এ বিষয়টি তদারকির ক্ষেত্রে আমাদের কিছু দুর্বলতা রয়েছে। এ বিষয়ে যতটা গুরুত্ব দেওয়া দরকার, যেকোনো কারণেই হোক, সেটি হয়নি।’
বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণে অনিয়ম রোধে স্টক এক্সচেঞ্জের গৃহীত পদক্ষেপ সম্পর্কে সাংবাদিকেরা জানতে চাইলে ‘আইনি সীমাবদ্ধতা’র কথা তুলে ধরেন সিএসইর এমডি।
এদিকে শেয়ারবাজারের বর্তমান অবস্থাকে স্থিতিশীল বলে দাবি করেছে সিএসই কর্তৃপক্ষ। বাজার স্থিতিশীল হলেও নিজেদের এক্সচেঞ্জের লেনদেন নিয়ে হতাশ সংস্থাটি। সিএসই কর্তৃপক্ষের মতে, ‘এ মুহূর্তে বাজার অনেকটা স্থিতিশীল। ২০১০ সালের ধসের পর বিনিয়োগকারীদের মধ্যে যে আতঙ্ক তৈরি হয়েছিল, ধীরে ধীরে সেটি কমে আসছে। তবে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সঙ্গে তুলনা করলে আমাদের স্টক এক্সচেঞ্জে আশানুরূপ লেনদেন হচ্ছে না।’
সংবাদ সম্মেলনে জানানো হয়, চলতি মাস থেকেই পরীক্ষামূলকভাবে ব্রোকারেজ হাউসের মাধ্যমে শেয়ারের প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও আবেদন জমা নেওয়ার কাজ শুরু হবে। ২৮ সেপ্টেম্বর হামিদ ফেব্রিক্স নামের একটি কোম্পানির আইপিওর মাধ্যমে পরীক্ষামূলক এ কাজটি শুরু হবে।