
বড় ধরনের কোনো পরিবর্তন ছাড়াই সময়ের পরিক্রমায় আরও একটি বছর পার করল দেশের শেয়ারবাজার। আরেকটি বছর পার হলেও বিনিয়োগকারীদের হতাশা বা হাহাকার পুরোপুরি কাটেনি। ২০১০ সালের শেয়ারবাজার ধসের পর থেকে বিনিয়োগকারী ও কারবারিদের মধ্যে এ হতাশা দেখা দেয়।
এদিকে সদ্য বিদায়ী ২০১৪ সালজুড়েই শেয়ারবাজারে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে নতুন কোম্পানির প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও, যা প্রশ্নের মুখে ফেলেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি)।
শেয়ারবাজারে আসা নতুন কোম্পানির অনেকগুলোই নিম্নমান, দুর্বল মৌলভিত্তি ও মিথ্যা তথ্য দিয়ে অনুমোদন নিয়ে বিনিয়োগকারী থেকে শুরু করে বাজার-সংশ্লিষ্ট সবার মনেই ছিল নানা প্রশ্ন ও সংশয়। এদের মধ্যে কিছু কোম্পানির আইপিও অনুমোদনের সঙ্গে বিএসইসির বিরুদ্ধে ‘অবৈধ আর্থিক লেনদেনের’ অভিযোগ উঠেছে। নানা সুবিধার বিনিময়ে এসব নিম্নমানের কোম্পানিকে বাজারে আসার সুযোগ করে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা।
তবে এসব অভিযোগের বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। আবার এসব অভিযোগ যাচাই করার জন্য যে ধরনের নিরপেক্ষ তদন্ত দরকার ছিল, তা-ও হয়নি।
এ ধরনের অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র সাইফুর রহমান প্রথম আলোকে বলেন, কমিশন নিজস্ব আইন অনুযায়ী কাজ করে থাকে। এতে কেউ খুশি হন, আবার কেউ অখুশি হন। তা থেকে নানা ধরনের অভিযোগ তোলা হয়। যার কোনো সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ থাকে না। তবে কেউ যদি সুনির্দিষ্ট তথ্যপ্রমাণের ভিত্তিতে কোনো অভিযোগ করেন, তাহলে কমিশন তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে থাকে।
এদিকে গত এক বছরে বাজারে আসা নতুন কিছু কোম্পানির অনিয়মের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে নিয়ন্ত্রক সংস্থাটির পক্ষপাতিত্ব ও ধীরে চলো নীতি ছিল দৃশ্যমান। আইপিও বিবরণীপত্র বা প্রসপেক্টাসে মিথ্যা ও ভুল তথ্য দেওয়ার কারণে কোনো কোনো কোম্পানিকে আর্থিক জরিমানা করা হলেও একই অপরাধে কয়েকটি কোম্পানির বেলায় একেবারে নিশ্চুপ ছিল নিয়ন্ত্রক সংস্থাটি। সম্পদ ব্যবস্থাপক প্রতিষ্ঠান এলআর গ্লোবালের বিরুদ্ধে তার ব্যবস্থাপনাধীন একাধিক মিউচুয়াল ফান্ডের বিপুল অর্থ বেআইনিভাবে বিনিয়োগের প্রমাণ মিললেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এলআর গ্লোবালের তহবিল কারসাজির ওই ঘটনা গত বছর শেয়ারবাজারে বহুল আলোচিত একটি ঘটনা, যা বিএসইসির নিজস্ব তদন্তেও ধরা পড়ে।
গত বছরের জুলাইয়ে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয় রসায়ন খাতের কোম্পানি ফার কেমিক্যাল। কোম্পানিটি তাদের আইপিও বিবরণীপত্রে দুই পরিচালকের মামলা-সংক্রান্ত তথ্য গোপন করে। এ জন্য পরবর্তী সময়ে বিএসইসি কোম্পানিটিকে পাঁচ লাখ টাকা জরিমানা করে। কিন্তু একই বছরের আগস্টে তালিকাভুক্ত হওয়া খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং নামের কোম্পানিটি আইপিও বিবরণীপত্রে ভুল ও মিথ্যা তথ্য দিলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেয়নি বিএসইসি। কোম্পানিটি তাদের আইপিও বিবরণীপত্রে একটি আবাসিক হোটেলে ভুয়া কার্যালয় দেখিয়ে বিনিয়োগকারীদের কাছ থেকে টাকা তুলে নিয়েছে। বিষয়টি আদালত পর্যন্ত গড়ালে উচ্চ আদালত কোম্পানিটির আইপিওর চাঁদা সংগ্রহের ওপর সাময়িক স্থগিতাদেশও দিয়েছিলেন।
বছরজুড়ে তালিকাভুক্ত হওয়া বিভিন্ন কোম্পানির শেয়ারের অধিমূল্য বা প্রিমিয়াম নিয়ে বিনিয়োগকারীদের পক্ষ থেকে আপত্তি ওঠে। একাধিক কোম্পানিকে দেওয়া প্রিমিয়ামকে ‘অযৌক্তিক’ বলে দাবি তোলা হয়। কিন্তু সেসব অভিযোগ ও দাবি আমলে নেয়নি বিএসইসি। অথচ তালিকাভুক্তির বছর না ঘুরতেই বাজারে ওই সব কোম্পানির শেয়ারের দাম আইপিও মূল্যের নিচে নেমে আসে।
যেমন গত আগস্টে তালিকাভুক্ত হওয়া ফারইস্ট নিটিং অ্যান্ড ডায়িংয়ের শেয়ারের আইপিও মূল্য ছিল (প্রিমিয়ামসহ) ২৭ টাকা। মাত্র সাড়ে চার মাসের মাথায় গত রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এটির দাম নেমে আসে ২৫ টাকায় অর্থাৎ আইপিও দামের নিচে। গত জুনে তালিকাভুক্ত হওয়া গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের পারিবারিক ব্যবসায়ী প্রতিষ্ঠান দ্য পেনিনসুলা চিটাগাং লিমিটেডের শেয়ারের প্রিমিয়ামসহ আইপিও মূল্য ছিল ৩০ টাকা। ছয় মাস না যেতেই এটির দামও আইপিও মূল্যের নিচে নেমে এসেছে।
আবার তালিকাভুক্তির তিন মাস না যেতেই সুহৃদ ইন্ডাস্ট্রিজের মালিকানা দ্বন্দ্বে বিনিয়োগকারীরা পড়েছেন সংশয়ে। দুর্বল মৌলভিত্তির এ কোম্পানিটির পরিচালকদের দুই পক্ষের দ্বন্দ্ব মেটাতে নিয়ন্ত্রক সংস্থাকে গঠন করতে হয়েছে তদন্ত কমিটি। তালিকাভুক্তির আগেই কোম্পানিটির পরিচালকেরা বোনাস শেয়ার ইস্যু করে তা অন্যদের কাছে বিক্রি করে দিয়েছেন।
নতুন কোম্পানি: ডিএসইর তথ্য অনুযায়ী, গত বছর শেয়ারবাজারে নতুন ১৭টি কোম্পানি তালিকাভুক্ত হয়েছে। এ ১৭টি কোম্পানি আইপিওর মাধ্যমে শেয়ারবাজার থেকে প্রায় এক হাজার কোটি টাকা সংগ্রহ করেছে। এর মধ্যে আটটি কোম্পানি আইপিওর শেয়ারের দামে ১০ টাকা অভিহিত মূল্য বা ফেসভ্যালুর সঙ্গে অধিমূল্য নেওয়া হয়। বাকি নয়টি কোম্পানি অভিহিত মূল্যে বাজারে শেয়ার ছাড়ে।
এর মধ্যে মোজাফফর হোসেন স্পিনিং মিলস সাড়ে ২৭ কোটি, এএফসি অ্যাগ্রো বায়োটেক ১২ কোটি, এমারেল্ড অয়েল ২০ কোটি, মতিন স্পিনিং মিলস প্রায় ১২৬ কোটি, হা-ওয়েল টেক্সটাইল ২০ কোটি, পেনিনসুলা চিটাগাং ১৬৫ কোটি, ফার কেমিক্যাল ১২ কোটি, শাহজিবাজার পাওয়ার প্রায় ৩২ কোটি, খুলনা প্রিন্টিং ৪০ কোটি, তুং হাই নিটিং ৩৫ কোটি, ফার ইস্ট নিটিং সাড়ে ৬৭ কোটি, সুহৃদ ইন্ডাস্ট্রিজ ১৪ কোটি, রতনপুর স্টিল রি-রোলিং মিলস ১০০ কোটি, সাইফ পাওয়ারটেক ৩৬ কোটি, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড ১৫৭ কোটি ৫০ লাখ, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ২০ কোটি ও হামিদ ফেব্রিকস ১০৫ কোটি টাকা সংগ্রহ করেছে।
ডিমিউচুয়ালাইজড এক্সচেঞ্জ: ২০১৩ সালে নিয়ন্ত্রক সংস্থা স্টক এক্সচেঞ্জের মালিকানা থেকে ব্যবস্থাপনা পৃথক্করণ (ডিমিউচুয়ালাইজেশন) সংক্রান্ত কর্মসূচি বা স্কিম অনুমোদন করলেও স্টক এক্সচেঞ্জের পরিপূর্ণ ডিমিউচুয়ালাইজড পরিচালনা পর্ষদ গঠন হয় গত বছরের ফেব্রুয়ারিতে। দুই স্টক এক্সচেঞ্জের পরিচালনা দায়িত্ব বুঝে নেন সংখ্যাগরিষ্ঠ স্বাধীন পরিচালকেরা। এর মাধ্যমে প্রধান শেয়ারবাজার ডিএসইর সভাপতি হিসেবে দায়িত্ব নেন বিচারপতি সিদ্দিকুর রহমান মিঞা। অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সভাপতির দায়িত্ব নেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ।
এ বিষয়ে বিএসইসির সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী বলেন, স্টক এক্সচেঞ্জের মালিকানার ৬০ শতাংশ শেয়ার বিক্রির ক্ষেত্রে এখনো কোনো অগ্রগতি চোখে পড়ছে না। দেশি-বিদেশি বিনিয়োগকারীর কাছে বিক্রির জন্য ‘ব্লক শেয়ার’ হিসেবে সংরক্ষিত রাখা এসব শেয়ার বিক্রি না করা পর্যন্ত স্টক এক্সচেঞ্জ পরিচালনায় বড় ধরনের কোনো পরিবর্তন আসবে না।
বাজারচিত্র: গত বছরের প্রথম কার্যদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ছিল ৪ হাজার ২৮৬ পয়েন্টে। আর বছরের শেষ কার্যদিবসে গত মঙ্গলবার তা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৮৬৪ পয়েন্টে। অর্থাৎ এক বছরে ডিএসইএক্স প্রায় ৫৭৮ পয়েন্ট বা প্রায় ১৩ শতাংশ বেড়েছে। ২০১৩ সালে ডিএসইতে দৈনিক গড় লেনদেনের পরিমাণ ছিল ৪০০ কোটি টাকা। গত বছর সেটি বেড়ে হয়েছে ৫০৬ কোটি টাকা। অর্থাৎ এই এক বছরে ডিএসইতে দৈনিক গড় লেনদেনের পরিমাণ প্রায় ১০৬ কোটি বা সাড়ে ২৬ শতাংশ বেড়েছে।
মতামত: ফারুক আহমেদ বলেন, আগের বছরের সঙ্গে তুলনা করলে গত বছর বাজার তুলনামূলকভাবে অনেক বেশি স্থিতিশীল ছিল। যদিও বাজারের ওপর এখনো বিনিয়োগকারীদের পরিপূর্ণ আস্থা আসেনি। তবে বাজারে একধরনের স্থিতিশীলতা ফিরে আসা একটি ইতিবাচক দিক। অন্যান্য বছরের ধারাবাহিকতায় গত বছরও বেশ কিছু নতুন কোম্পানি এসেছে। বাজারের গভীরতা বাড়াতে হলে নতুন কোম্পানি নিয়ে আসার কোনো বিকল্প নেই। কিন্তু যেসব কোম্পানি বাজারে এসেছে, সেগুলোর গুণগতমান ভালো নয়। ভালো ট্র্যাক রেকর্ড ও সুনাম আছে, এ রকম ভালো কোম্পানি বাজারে আনার ক্ষেত্রে বড় ধরনের ব্যর্থতা চোখে পড়েছে।