বিনিয়োগকারীদের পুঁজিবাজার-সংশ্লিষ্ট সচেতনতা বাড়াতে কাজ করলেও বিনিয়োগ-সংক্রান্ত স্বার্থ রক্ষার দায়দায়িত্ব নেবে না ব্রোকারেজ হাউসের মালিকেরা। তাঁরা বলেছেন, যার বিনিয়োগ, স্বার্থ সুরক্ষার দায়িত্বও তার। সেটির সুরক্ষা দিতে পারবে না ব্রোকারেজ হাউস।
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রোকারেজ হাউস মালিকদের নিয়ে নবগঠিত ডিএসই ব্রোকারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিএসইবিএবি) নেতারা এসব কথা বলেন।
বাণিজ্য মন্ত্রণালয় ও যৌথ মূলধনী কোম্পানি ও ফার্মসমূহের নিবন্ধকের কার্যালয়ের (আরজেএসসি) অনুমোদন নিয়ে নতুন সংগঠন হিসেবে এটি যাত্রা শুরু করেছে। সে উপলক্ষে গতকাল বুধবার মতিঝিলের ডিএসই ভবনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। নতুন সংগঠনটির সভাপতি মনোনীত হয়েছেন ডিএসইর সাবেক সভাপতি আহসানুল ইসলাম। সভাপতিসহ মোট ১৫ জন পরিচালক রয়েছেন নতুন এ সংগঠনে।
সাম্প্রতিক সময়ে বাজারে তালিকাভুক্ত হওয়া কিছু মানহীন কোম্পানির আইপিওর বিষয়ে প্রশ্ন করা হলে ডিএসইর সাবেক সভাপতি আহসানুল ইসলাম বলেন, আইপিও অনুমোদনের ক্ষেত্রে ডিএসইর কোনো ভূমিকা নেই। ডিএসইর কোনো মতামত নেওয়া হয় না। কিছু ক্ষেত্রে ডিএসই মতামত দিলেও সেসব মতামতকে যথাযথ গুরুত্ব দেওয়া হয় না।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বাণিজ্য সংগঠন হিসেবে এটি গত ২৯ জুন বাণিজ্য মন্ত্রণালয়ের ও ১৬ আগস্ট আরজেএসসির নিবন্ধন সনদ পেয়েছে। সংগঠনটির প্রধান লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ব্রোকার-ডিলারদের স্বার্থ সংরক্ষণ, জনস্বার্থে রাষ্ট্রীয় নীতি প্রণয়নে সহায়তা করা। গতকাল সকালে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সঙ্গে সৌজন্য সাক্ষাতের মাধ্যমে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।
সংবাদ সম্মেলনের শুরুতে বিনিয়োগকারীর স্বার্থ সুরক্ষার বিষয়ে সংগঠনটি নিজেদের অঙ্গীকারের কথা জানায়। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সভাপতি আহসানুল ইসলাম বলেন, বিনিয়োগকারীর বিনিয়োগ-সংক্রান্ত লাভ-ক্ষতির কোনো সুরক্ষা আমরা দিতে পারব না। আমরা তাঁদের সচেতনতা বাড়াতে কাজ করব।
এক প্রশ্নের জবাবে আহসানুল ইসলাম বলেন, মুক্তবাজারের এ সময়ে বাজারে ভালো ও মন্দ সব শ্রেণির কোম্পানিই থাকবে। যিনি বিনিয়োগ করবেন, তাঁকেই সিদ্ধান্ত নিতে হবে কোথায় তিনি বিনিয়োগ করবেন। এ ক্ষেত্রে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধিতে কাজ করবে নতুন সংগঠনটি। বিনিয়োগকারীদের সেবা প্রদানের ক্ষেত্রে ডিএসইর সদস্যভুক্ত প্রতিটি ব্রোকারেজ হাউস যেন ন্যূনতম কিছু মানদণ্ড মেনে চলে, সে বিষয়েও উদ্যোগ নেওয়া হবে।
এ ছাড়া আইপিও অনুমোদনসহ নীতিনির্ধারণী বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সংগঠনটির মতামতকে গুরুত্ব দেওয়ার জন্য বিএসইসির কাছে আহ্বান জানানো হয়েছে বলেও জানিয়েছেন সংগঠনটির নেতারা।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন সংগঠনটির পরিচালক জহিরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন এটির পরিচালক এবং ডিএসইর সাবেক সভাপতি আবদুল হক, শাহেদ আবদুল খালেক, মিনহাজ মান্নান, খুজিস্তা নুরে নাহরীন প্রমুখ।