আইসিবি ও এইমসের মিউচুয়াল ফান্ডের অবসায়ন দেড় বছরের মধ্যে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) আটটি এবং সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি এইমস পরিচালিত দুটি মিউচুয়াল ফান্ড আগামী দেড় বছরের মধ্যে রূপান্তর বা অবসায়ন করার নির্দেশ দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, এসব ফান্ড এখন হয় বে-মেয়াদিতে রূপান্তর করতে হবে, না-হয় কার্যক্রম গুটিয়ে ফেলতে হবে। গতকাল সোমবার বিএসইসির ৫৫০তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিএসইসি জানিয়েছে, আইসিবি পরিচালিত প্রথম আইসিবি মিউচুয়াল ফান্ড এবং এইমস পরিচালিত ‘ফার্স্ট গ্যারান্টেড মিউচুয়াল ফান্ড ওয়ান ও গ্রামীণ ওয়ান: ফার্স্ট স্কিম অব দ্য গ্রামীণ মিউচুয়াল ফান্ড ওয়ান’ আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে রূপান্তর বা অবসায়ন করতে করতে হবে।

আইসিবির বাকি সাতটি ফান্ডের মধ্যে দ্বিতীয় আইসিবি মিউচুয়াল ফান্ড ২০১৬ সালের ৩১ জানুয়ারি, তৃতীয় আইসিবি মিউচুয়াল ফান্ড ২৯ ফেব্রুয়ারি, চতুর্থ আইসিবি মিউচুয়াল ফান্ড ৩১ মার্চ, পঞ্চম আইসিবি ৩০ এপ্রিল, ষষ্ঠ আইসিবি ৩০ জুন, সপ্তম আইসিবি ৩০ সেপ্টেম্বর এবং অষ্টম আইসিবি মিউচুয়াল ফান্ডটি ২০১৬ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে রূপান্তর বা অবসায়ন করতে হবে।

ইউসিবির ৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন: পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ৫০০ কোটি টাকার সেকেন্ড সাব-অর্ডিনেটেড বন্ডের অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গতকাল সোমবার বিএসইসির কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়।

বিএসইসি জানায়, বন্ডটির মেয়াদ হবে সাত বছর এবং নাম হবে ‘ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক সেকেন্ড সাব-অর্ডিনেটেড বন্ড’। শুধু ব্যাংক, স্থানীয় আর্থিকপ্রতিষ্ঠান, বিমা কোম্পানি, করপোরেট বডি, মিউচুয়াল ফান্ড, সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি, মার্চেন্ট ব্যাংক ও উচ্চ সম্পদধারী ব্যক্তিরা প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এই বন্ড কিনতে পারবেন। এটির প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য ঠিক করা হয়েছে ১০ লাখ টাকা। বন্ডের মাধ্যমে সংগৃহীত টাকা ব্যাংকটির মূলধন বাড়ানোর কাজে ব্যয় করা হবে।