আইসিবির রাইট, হামিদ ফেব্রিকসের আইপিও অনুমোদন
রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) অধিকারমূলক বা রাইট শেয়ারের চাঁদা গ্রহণের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ডিসেম্বরের ৭ থেকে ৩০ তারিখ পর্যন্ত চাঁদা সংগ্রহ কার্যক্রম চলবে। গতকাল বৃহস্পতিবার আইসিবির পক্ষ থেকে এই তারিখ ঘোষণা করা হয়। এদিনই তা ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, অধিকারমূলক শেয়ারের আবেদন করতে পারবেন এমন শেয়ারধারী নির্ণয়ে আগামী ৯ সেপ্টেম্বর মালিকানা নির্ধারণের তারিখ বা রেকর্ড ডেট ঠিক করা হয়েছে। নিয়ম অনুযায়ী ওই দিন কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ থাকবে। ওই তারিখে যাঁদের হাতে কোম্পানিটির শেয়ার থাকবে কেবল তাঁরাই অধিকারমূলক শেয়ারের জন্য যোগ্য বিবেচিত হবেন।
এর আগে গত মঙ্গলবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সভায় আইসিবির অধিকারমূলক শেয়ার ছাড়ার অনুমোদন দেওয়া হয়।
কমিশনের ওই সভায় হামিদ ফেব্রিকস নামের একটি কোম্পানির প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও অনুমোদন করা হয়। সভা শেষে বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিএসইসি জানিয়েছে, আইসিবি তাদের বিদ্যমান দুটি সাধারণ শেয়ারের বিপরীতে একটি অধিকারমূলক শেয়ার (২: ১) ছাড়বে। ১০০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ৪০০ টাকা অধিমূল্য বা প্রিমিয়াম যোগ করে প্রতিটি শেয়ারের বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা। কোম্পানিটি দুই কোটি ১০ লাখ ৯৩ হাজার ৭৫০টি অধিকারমূলক শেয়ার ছেড়ে বাজার থেকে প্রায় এক হাজার ৬৫ কোটি টাকা সংগ্রহ করবে। সংগৃহীত টাকা শেয়ারবাজারে বিনিয়োগ ও ঋণ পরিশোধে ব্যয় করবে আইসিবি।
হামিদ ফেব্রিকস আইপিওতে তিন কোটি শেয়ার ছেড়ে বাজার থেকে ১০৫ কোটি টাকা সংগ্রহ করবে। ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ২৫ টাকা অধিমূল্য যোগ করে প্রতিটি শেয়ারের বিক্রয়মূল্য ঠিক করা হয়েছে ৩৫ টাকা।